ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় চারজন ও করোনার উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। এ সময়ে জেলায় নতুন করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৬ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনার দুজন এবং জামালপুর ও সুনামগঞ্জের একজন করে আছেন।
তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র (৭১), জামালপুরের সাজেদা (৪৫) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুখু মিয়া (৮০)।
চলতি মাসে এখন পর্যন্ত করোনায় ও করোনার উপসর্গ নিয়ে মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ জেলায় গড়ে প্রতিদিন প্রায় ১৮ জন মারা গেছেন। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকল ৮টা পর্যন্ত জেলায় ১ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩ জন। এদিকে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৪০ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৫ জনসহ মোট ৩০৪ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন। এ ছাড়া ওয়ান–স্টপ ফ্লু কর্নারে ১০৮ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৫ জন।