ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় একজন ও করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার চারজন ও জামালপুরের একজন আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। এ নিয়ে গত আগস্টে এই হাসপাতালে করোনা ও করোনার উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল ইসলাম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাজিয়া সুলতানা (৮০), ভালুকার রুবেল (৩৬), গফরগাঁও উপজেলার হীরা (৬০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, আজ সকাল পর্যন্ত করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ মোট ১৪৬ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন। এ ছাড়া মঙ্গলবার ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৪১ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৪ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭২ জনের মৃত্যু হয়েছে।