ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ২ জন ও জামালপুরের ১ জন আছেন। এ নিয়ে চলতি মাসে এই হাসপাতালে করোনায় ও এর উপসর্গ নিয়ে ৪১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) ও গৌরাঙ্গ (৭০)। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আক্তার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), জামালপুরের সরিষাবাড়ীর আবুল হোসেন (৬৫), ইসলামপুরের মমতা বেগম (৫৫) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পান্না আক্তার (৪০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জনসহ আজ সকাল পর্যন্ত ১৫৮ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৫। এখন পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭১৩ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ২৭০ জন মারা গেছেন।