যশোরে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরবাসীকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করতে হ্যান্ড মাইকে প্রচার চালাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। গত দুই মাসের মধ্যে আজ রোববার প্রথম মৃত্যুহীন দিন পার করল এই জেলা। সাম্প্রতিক সময়ে জেলায় শনাক্তের হার ২০ শতাংশের নিচে নেমে এসেছে।

টিকা কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন জেলার সিভিল সার্জন।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের করোনা রেড ও ইয়োলো জোনে বর্তমানে ৮৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু না থাকলেও এ হাসপাতালে নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। অথচ ১৫ দিন আগেও এ হাসপাতালে ১৫০ জনের বেশি করোনা রোগী সার্বক্ষণিক ভর্তি থাকতেন। প্রতিদিন গড়ে ৯০ জনের বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন। মত্যুর সংখ্যাও ছিল গড়ে ১০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আটজনের নমুনা পরীক্ষা করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ শতাংশ। সরকারি ছুটির কারণে আজ নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা কম বলে জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনায় ৪২০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪১৭ জন। তাঁদের মধ্যে সুস্থ্ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন।

জানতে চাইলে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, জেলায় গত ১২ জুন থেকে করোনা পরিস্থিতির অবনতি হতে থাকে। তবে দুই মাসের মধ্যে আজই প্রথম জেলায় করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। কয়েক দিন ধরে সংক্রমণের হারও ২০ শতাংশের নিচে রয়েছে। টিকা কার্যক্রম, কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে জেলার করোনা পরিস্থিতি উন্নতি ঘটেছে বলে মনে করেন তিনি।