যুক্তরাষ্ট্রজুড়ে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার নির্দেশ আসছে
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দেশজুড়ে ন্যাশনাল গার্ড মোতায়েন শুরু করছে। সেনাবাহিনীর সঙ্গে ন্যাশনাল গার্ড দ্রুত মোতায়েন করা হচ্ছে। সব নাগরিককে দুই সপ্তাহের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ আসছে। সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি বিভাগ ছাড়া কিছু চলবে না।
স্টাফোর্ড অ্যাক্ট নামের এই আইনের ক্ষমতাবলে মার্কিন প্রেসিডেন্ট এমন নির্দেশনা নাগরিকদের জন্য দিতে পারেন। যুদ্ধাবস্থায় বা এর মতো জরুরি পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট এই ক্ষমতা প্রয়োগ করে থাকেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কর্মরত এক কর্মকর্তা গতকাল শুক্রবার মধ্যরাতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিন মাস আগে সতর্ক করে দেওয়া হলেও যুক্তরাষ্ট্র করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এর মধ্যে দেরি করে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। হোয়াইট হাউস থেকে শুরু করে রাজ্য ও নগর সরকারে ত্রাহি অবস্থা চলছে। প্রতিমুহূর্তে পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। নিউইয়র্কসহ সব বড় নগরীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজন নাগরিকের একজনকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। আগামী সপ্তাহের মধ্যেই নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৭০ হাজার ছাড়াতে পারে বলে জানানো হচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার রাত পর্যন্ত নিউইয়র্ক পুলিশের ৫২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে প্রথম দিকে তেমন প্রভাব পড়েনি। বর্তমানে দেশটির সব কটি অঙ্গরাজ্যে পরিস্থিতি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু হওয়া করোনা এখন সবচেয়ে বেশি ছড়িয়েছে বিশ্বের নিউইয়র্ক শহরে।
চীন থেকে করোনাভাইরাস যখন ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটিতে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেওয়া হয়। অভিযোগ আছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপেই নেননি।
হোয়াইট হাউসে ট্রাম্পের উপদেষ্টারাও করোনাভাইরাস নিয়ে বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২৭ জানুয়ারি ট্রাম্প এই ভাইরাস নিয়ে প্রথমবারের মতো নড়েচড়ে বসেন। ওয়াশিংটন পোস্ট ২০ মার্চ এক প্রতিবেদনে অভিযোগ করেছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত ও আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি মিনিটে বাড়ছে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলো লকডাউন করে দেওয়া হয়েছে। নিউইয়র্ক, পার্শ্ববর্তী নিউজার্সি, কানেটিকাট ও ইলিনয়েস অঙ্গরাজ্যেও লকডাউন করার পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম বলছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে যেকোনো সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো যুক্তরাষ্ট্রে লকডাউন করার নির্দেশ দিতে পারেন।
একদিকে মৃত্যুর মিছিল বাড়ছে, আরেক দিকে ওয়াশিংটনে আইনপ্রণেতারা জনসাধারণের জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে একমত হওয়ার চেষ্টা করছেন। একাধিক আইনপ্রণেতা আভাস দিয়েছেন, গতকাল মধ্যরাতের মধ্যে নগদ অর্থ প্রদানের কিস্তি ও পরিমাণ নিয়ে আইনপ্রণেতাদের ঐকমত্য না হলেও সোমবারের মধ্যে এ নিয়ে সমঝোতা চূড়ান্ত হবে।
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৪ হাজারের বেশি শুধু নিউইয়র্ক নগরীতেই আক্রান্ত। তাঁদের বয়স ২০ থেকে ৫৪ বছর। গতকাল পর্যন্ত নিউইয়র্কে মৃত মানুষের সংখ্যা ৪৪। সংক্রমণ ঠেকাতে নিউইয়র্কে লকডাউন ঘোষণা করেছেন গভর্নর এন্ড্রু কুমো। গতকাল তিনি এ ঘোষণা দেন।
নিউইয়র্কে শুধু জরুরি ব্যবসা-বাণিজ্য গ্রোসারি স্টোর, ফার্মেসি ছাড়া সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনা রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে। রাজ্য গভর্নর নিউইয়র্ক কর্মজীবী মানুষকে প্রয়োজনে ঘরে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
নিউইয়র্কের পাশের রাজ্য নিউজার্সিতে করোনাভাইরাসে প্রাণ গেছে একই পরিবারের চার সদস্যের।
মিশিগান থেকে প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি ফারজানা চৌধুরী জানিয়েছেন, মিশিগানে পাঁচজন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত। সংবাদ সম্মেলনে ডেট্রয়েট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেমস ক্রেইগ বলেছেন, ডেট্রয়েটের পাঁচজন পুলিশ কর্মকর্তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে এবং কোয়ারেন্টিনের সংখ্যা ৮০ থেকে বেড়ে ১৫২ জন হয়েছে।
ডেট্রয়েট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেমস ক্রেইগ গতকাল জানান, ২২ জন কর্মকর্তা চিকিৎসকের পরামর্শে বাড়িতেই রয়েছেন। ১৩০ জন কর্মকর্তাকে সেলফ কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল পর্যন্ত মিশিগানে করোনায় মোট তিনজন মারা গেছেন এবং ৫৫২ জন আক্রান্ত হয়েছেন।