যুক্তরাষ্ট্রে গণস্বাস্থ্য নিয়ে জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি গণস্বাস্থ্য ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
জরুরি গণস্বাস্থ্য ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ঝুঁকি কম, জোরালোভাবে বলে আসছিল ট্রাম্প প্রশাসন। গতকাল শুক্রবার সে অবস্থান থেকে সরে এসেছে তারা। করোনাভাইরাসের কারণে সে দেশে গণস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়েছে। সম্প্রতি চীন সফরকারী নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে তারা। খবর রয়টার্সের।

কর্মকর্তারা বলছেন, মার্কিন নাগরিক যাঁরা গত দুই সপ্তাহের মধ্যে চীনের হুবেই প্রদেশে গেছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন আলাদা রাখা হবে। কারণ, এই ভাইরাস ১৪ দিনের মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকে। এ ছাড়া চীনের অন্য প্রদেশে যাঁরা ভ্রমণ করেছেন, তাঁরা ফিরে আসার পর তাঁদের বিশেষ স্বাস্থ্য স্ক্রিনিং করা হবে এবং বিধিনিষেধের অধীনে ১৪ দিন ধরে পর্যবেক্ষণে রাখা হবে। কাল রোববার থেকে এই জরুরি পদক্ষেপ কার্যকর হবে। একই সঙ্গে চীন থেকে নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটোল ও হনলুলু আসা সব বাণিজ্যিক ফ্লাইট একটি বিমানবন্দরে অবতরণ করানো হবে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট সাতজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। সর্বশেষ শুক্রবার উত্তর ক্যালিফোর্নিয়ার একজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ওই মার্কিন রোগী সম্প্রতি চীন ভ্রমণে যান। তিনি অসুস্থ হয়ে পড়ার পর নিজেকে বাড়িতে অন্য সবার কাছ থেকে আলাদা করে ফেলেন। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) কর্মকর্তারা বলছেন, তাঁরা এখন নির্ধারণ করার চেষ্টা করছেন ওই ব্যক্তি এখানে আসার আগেই আক্রান্ত ছিলেন কি না।

প্রায় ২০০ জন নাগরিককে এই সপ্তাহে উহান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাঁদের ক্যালিফোর্নিয়ার সামরিক বিমান ঘাঁটিতে ৭২ ঘণ্টার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শুক্রবারের সিদ্ধান্তের পর এখন তাঁদের ১৪ দিন আলাদা করে রাখা হবে।

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠকের পর সংস্থাটির পক্ষ থেকে এই ঘোষণা আসে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করার পেছনে কারণ হিসেবে, ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং এটি এখন শুধু চীনের উদ্বেগের বিষয় নয় বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়।