যুক্তরাষ্ট্রে দেড় মাসে সর্বনিম্ন রোগী ও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে যত করোনা রোগী শনাক্ত হয়েছেন, তাঁদের এক-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের। ছবি: রয়টার্স
বিশ্বজুড়ে যত করোনা রোগী শনাক্ত হয়েছেন, তাঁদের এক-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ অবস্থা এখন পর্যন্ত আরও কোনো দেশের নয়। প্রায় দেড় মাস ধরে প্রতিদিন ২৫–৩০ হাজার রোগী শনাক্ত হয়েছেন। দিনে মৃত্যু হয়েছে দেড়–দুই–আড়াই হাজার। এই সময়ের মধ্যে গত রোববার প্রথমবারের মতো মৃত্যু হাজারের নিচে নেমেছে, ৭৭৬ জন। আর এদিন নতুন রোগী পাওয়া গেছে ২০ হাজার ৩২৯ জন।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এই ওয়েবসাইটের তথ্যমতে, গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হয়েছেন ৪২ লাখ ৩০ হাজারের বেশি রোগী। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৪৫৪ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখের ১৬ হাজার মানুষ।

বিশ্বজুড়ে যত রোগী শনাক্ত হয়েছেন, তাঁদের এক-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের। দেশটিতে রোববার পর্যন্ত ৯৪ লাখ ৪৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৩ লাখ ৭০ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু গতকাল রাতে ৮১ হাজার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রে রোববার করোনায় মারা গেছেন ৭৭৬ জন। গত ২৯ মার্চ মারা যান ৪৯৭ জন। ৩১ মার্চ যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যু এক হাজার ছাড়ায়। আর গত ৭ এপ্রিল দেশটিতে দৈনিক মৃত্যু দুই হাজারের ওপর ওঠে। এরপর রোববার পর্যন্ত দেশটিতে মৃত্যু এক হাজারের নিচে নামেইনি।

যুক্তরাষ্ট্রে মৃত্যুর পাশাপাশি রোববার রোগীও কম শনাক্ত হয়েছেন। এদিন ২০ হাজার ৩২৯ জন রোগী শনাক্ত হন। গত ২৯ মার্চের পর এদিনই সবচেয়ে কম রোগী শনাক্ত হলেন। ২৯ মার্চ শনাক্ত হয়েছিলেন ২০ হাজার ১৯২ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ও মৃত্যু কমার ইঙ্গিত পেয়ে এখনই সিদ্ধান্তে আসা যাবে না যে যুক্তরাষ্ট্রে মহামারি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।

স্পেনে গতকাল করোনায় আরও ১২৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হলো ২৬ হাজার ৬২১ জনের। দেশটিতে শনাক্ত হওয়া সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ৬৮ হাজারের বেশি। মহামারি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পেয়ে দেশটিতে কর্তৃপক্ষ বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।

 ফ্রান্সেও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। দেশটিতে রোববার করোনায় মারা গেছেন ৭০ জন। এ নিয়ে ফ্রান্সে প্রায় ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যে মৃত্যু ৩২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজারের বেশি।

ইউরোপের বেশির ভাগ দেশ ও যুক্তরাষ্ট্রে যখন মহামারি নিয়ন্ত্রণে আসার আভাস মিলছে, তখনই রোগী বাড়ছে রাশিয়া, ব্রাজিল, ভারতসহ কয়েকটি দেশে।

রাশিয়ায় টানা নবম দিনের মতো গতকাল ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল দেশটিতে ১১ হাজার ৬৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রাশিয়ায় শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ছাড়াল। রোগীর সংখ্যার দিক থেকে দেশটি এখন বিশ্বের চতুর্থ। তাদের চেয়ে বেশি শুধু যুক্তরাষ্ট্র, স্পেন ও যুক্তরাজ্যে।

ইউরোপে করোনা মহামারিতে নাকাল ইতালির মোট রোগীর সংখ্যাও এখন রাশিয়ার চেয়ে কম। ইতালিতে রোববার পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজারের বেশি। তবে রাশিয়ায় মৃত্যু এখনো তুলনামূলক অনেক কম। গতকাল রাশিয়ায় করোনার সংক্রমণে মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৪ জন মারা গেছেন। এর বিপরীতে ইতালিতে মৃত্যু ৩০ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে রোববার মারা গেছেন ১৬৫ জন।

ব্রাজিলে গত রোববার মারা গেছেন ৪৬৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে। ওই দিন পর্যন্ত সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১ লাখ ৬৩ হাজার।

রোগী বাড়ছে প্রতিবেশী ভারতেও। এনডিটিভি জানায়, ভারতে গতকাল চার হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট রোগী ৭০ হাজার ছাড়িয়েছে। গতকাল মৃত্যু হয়েছে ৯৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু ২ হাজার ২৯৪ জন। রয়টার্স জানায়, সংক্রমণ ও মৃত্যু বেড়ে চললেও ভারতে লকডাউন শিথিল করার নীতিতে অটল রয়েছে সরকার। কর্তৃপক্ষ এবার ঘোষণা দিয়েছে সীমিত পরিসরে ট্রেন চলাচল চালু করার। আজ মঙ্গলবার দেশটিতে রেলসেবা চালু হওয়ার কথা।

এদিকে রয়টার্স জানায়, চীনের উহানে নতুন করে পাঁচজন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই রোগীদের সবাই আগে উপসর্গহীন সংক্রমিত রোগী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ায়ও সোমবার ৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, দেশটিতে করোনা রোগীর নতুন একটি ক্লাস্টার পাওয়া গেছে। এতে চীনের মতো এই দেশেও সংক্রমণ আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।