যুক্তরাষ্ট্রে প্রবীণ নিবাসে করোনার ভয়াবহ থাবা

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাসে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনায় কীভাবে প্রবীণ এত মানুষের মৃত্যু হলো, তা জানতে তদন্তে নেমেছেন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হলিয়োক সোলজার্স নামের ওই বৃদ্ধ নিবাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন, এখানকার মানুষেরা চিকিৎসা পেয়েছিলেন কি না। পরিস্থিতি এমন হলো কী করে? শীর্ষ আইনজীবীরা আইনানুগ ব্যবস্থা নেবেন কি না. সে বিষয়েও আলোচনা চলছে।
অ্যাডওয়ার্ড ল্যাপয়েন্ট নামের এক ব্যক্তি বলেন, 'এটা ভয়াবহ, তারা কোনো সুযোগই পাননি।' অ্যাডওয়ার্ডের শ্বশুর ওই বৃদ্ধ নিবাসে থাকতেন। তাঁর মধ্যে ভাইরাসের অল্প সংক্রমণের লক্ষণ রয়েছে।'
কর্মকর্তারা জানান, এই প্রবীণ নিবাসের ৬৮ জন বয়স্ক মানুষ এর মধ্যে প্রাণ হারিয়েছেন। আরও একজনের মৃত্যুর কারণ জানা যায়নি। এখনো ওই নিবাসের ৮২ জন বাসিন্দা ও ৮১ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত।
ওই প্রবীণ নিবাসের তত্ত্বাবধায়ক বেনেট ওয়ালশকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। তিনি তাঁর অবস্থান তুলে ধরে দাবি করেছেন, এখানকার অবস্থা সম্পর্কে জানিনা বলে অঙ্গরাজ্যের কর্মকর্তারা যে বক্তব্য দিচ্ছেন, তা মিথ্যা। কর্মকর্তারা এ মাসের শুরুতেই জানতেস যে এই নিবাসের অবস্থা সংকটজনক। এখানে কর্মী–সংকট রয়েছে এবং সংক্রমণের প্রাথমিক লক্ষণ রয়েছে বলে তাঁদের জানানো হয়।
নিবাসের একজন সেবিকা জোয়ান মিলার বলেন, বছরের পর বছর ধরে কর্মীরা যেসব সমস্যায় জর্জরিত ছিলেন, সেগুলো যেন বন্যার ঢেউয়ের মতো ভাইরাস ছড়িয়ে পড়তে ভূমিকা রেখেছে।
জোয়ান বলেন, কর্মী সংকট এতটাই ছিল যে ইউনিটের কর্মীরা অন্য ইউনিটে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছিলেন। এতে ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যেতে থাকে। কোনো কর্মী না থাকায় এক সময় একটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। প্রবীণদের সেখান থেকে সরিয়ে কাছাকাছি অন্য ভবনে নিয়ে যাওয়া হয়। এই প্রবীণদের গাদাগাদি করে থাকতে হতো। কার করোনা হয়েছে কার হয়নি, বোঝা যেত না। ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। এরপরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
গত মাসে ওই নিবাসে ২৩০ জন প্রবীণ ব্যক্তি ছিলেন। গতকাল সোমবার পর্যন্ত সেখানে আছেন ১০০ জন। এসব মানুষের বেশির ভাগের শরীরেই মৃদু ও মাঝারি সংক্রমণ রয়েছে। একাধীন প্রবীণ ব্যক্তি অভিযোগ করেন, নিবাসের প্রকৃত অবস্থা কখনো বলা হতো না।