রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ, মৃত্যু ২
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনা শনাক্তের হার ৪২। একই সময়ে বিভাগে করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুরের ১৬০, পঞ্চগড়ের ৩৮, নীলফামারীর ৬৫, লালমনিরহাটের ২০, কুড়িগ্রামের ২০, ঠাকুরগাঁওয়ে ৭৭, দিনাজপুরে ৭৫ ও গাইবান্ধার ২৩ জন আছেন। করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি লালমনিরহাটে ও অপরজনের দিনাজপুরে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরার জন্য প্রচার চালানো হচ্ছে। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের মধ্যে করোনা শনাক্তের হার রংপুর জেলায় ৩০ দশমিক শূন্য ৪, পঞ্চগড়ে ৫০ দশমিক ৬৭, নীলফামারীতে ৪৫ দশমিক ৭৭, লালমনিরহাটে ২৯ দশমিক ৮৫, কুড়িগ্রামে ৫০, ঠাকুরগাঁওয়ে ৫০ দশমিক শূন্য ৩, দিনাজপুরে ৪৩ দশমিক ৬০ ও গাইবান্ধায় ৩৮ দশমিক ৮২।
বিভাগে এখন পর্যন্ত করোনা সংক্রমণে ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৪ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ৪১৮।