রংপুর বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২১, শনাক্ত ৭৪৮
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ২১ জন মারা গেছেন। এই সময়ে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪ দশমিক ৮৪ শতাংশ। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ছয়জন, দিনাজপুরের পাঁচজন, গাইবান্ধার তিনজন, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের দুজন করে এবং পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১০৯ জন, ঠাকুরগাঁওয়ের ১৫৭ জন, নীলফামারীর ৮৮ জন, পঞ্চগড়ের ৯৮ জন, কুড়িগ্রামের ৯০ জন, লালমনিরহাটের ৩৬ জন, গাইবান্ধার ৬৪ জন ও রংপুরের ১০৬ জন। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩২ হাজার ৭১৬।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ২১ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৫৩। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৩ জন, রংপুরের ১২৯ জন, ঠাকুরগাঁওয়ের ১১৭ জন, পঞ্চগড়ের ৩০ জন, নীলফামারীর ৪৫ জন, লালমনিরহাটের ৪৩ জন, কুড়িগ্রামের ৩৪ জন ও গাইবান্ধার ৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৮ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।