রংপুর বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ৫১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৭১১ জনের মৃত্যু হলো। এদিকে গত এক দিনে বিভাগে নতুন করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে তিনজন করে; রংপুর ও নীলফামারীতে দুজন করে এবং গাইবান্ধা ও পঞ্চগড়ে একজন করে রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক শূন্য ৩।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৫১১ জনের মধ্যে দিনাজপুর জেলার ৮৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, নীলফামারীর ৮৩ জন, পঞ্চগড়ের ৫৬ জন, কুড়িগ্রামের ৫৬ জন, লালমনিরহাটের ২০ জন, গাইবান্ধার ৪৩ জন ও রংপুরের ৮৩ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৫ হাজার ৩৩। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৩৩ জন।

এখন পর্যন্ত মৃত্যুর হিসাবে বিভাগের মধ্যে দিনাজপুর জেলা শীর্ষে রয়েছে। দিনাজপুরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩৬ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ১৪২ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৪ জন, পঞ্চগড়ে ৩৪ জন, নীলফামারীর ৫০ জন, লালমনিরহাটে ৪৩ জন, কুড়িগ্রামে ৩৮ জন ও গাইবান্ধায় ৩৪ জন মারা গেছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।