রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩৯। একই সময়ে বিভাগে নতুন করে ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ পাঁচজন রয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে তিনজন, গাইবান্ধায় দুজন এবং পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরে একজন করে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫১। এর মধ্যে ২৪৬ জনের শনাক্ত নিয়ে বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে রংপুর জেলা।

এ ছাড়া গাইবান্ধায় ১৬৪ জন, দিনাজপুরে ৬৮, ঠাকুরগাঁওয়ে ৯৬, নীলফামারীতে ৫৭, পঞ্চগড়ে ৮৬, কুড়িগ্রামে ৬৬ ও লালমনিরহাটে ৩৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৯২৯। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯৯ জন।

এর আগের দিনের তুলনায় আজ বিভাগে নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন বিভাগে নয়জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩০ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, বিভাগে এখন পর্যন্ত মারা যাওয়া ৭৩৯ জনের মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ২৩৯ জন মারা গেছেন। বাকিদের মধ্যে রংপুরে ১৫২ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৭, পঞ্চগড়ে ৩৮, নীলফামারীতে ৫২, লালমনিরহাটে ৪৬, কুড়িগ্রামে ৩৮ ও গাইবান্ধায় ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।