রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। একই সঙ্গে ১ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা মোট ৫২ হাজার ১১০। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৮১৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত ১১ দশমিক ৫৪ শতাংশ। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই ছয়জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে নীলফামারী জেলায় তিনজন এবং পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের একজন করে আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ছয়জন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ১৬৫। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৬ জন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের ২৭২ জন, ঠাকুরগাঁওয়ের ২৩২, পঞ্চগড়ের ৭৪, নীলফামারীর ৮৫, লালমনিরহাটের ৬০, কুড়িগ্রামের ৬৫ ও গাইবান্ধার ৬১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৩৯ জনের। এর মধ্যে রংপুর জেলায় ২৪ জন, দিনাজপুরের ২০, কুড়িগ্রামের ১৫, নীলফামারীর ১৭, ঠাকুরগাঁওয়ের ২৫, গাইবান্ধার ১২, পঞ্চগড়ের ১৯ ও লালমনিরহাটের ৭ জন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৫২ হাজার ১১০।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।