রংপুর বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫১ হাজার ২৪৩। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলায় ৩ জন, রংপুর ও পঞ্চগড় জেলায় ২ জন করে ও নীলফামারীতে ১ জন আছেন। নতুন ৮ জন নিয়ে বিভাগে মোট ১ হাজার ১২৯ জনের করোনায় মৃত্যু হলো।
বিভাগের মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩১০ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৬ জন, ঠাকুরগাঁওয়ে ২২৪ জন, পঞ্চগড়ে ৭১ জন, নীলফামারীতে ৭৯ জন, লালমনিরহাটে ৫৮ জন, কুড়িগ্রামে ৬২ জন ও গাইবান্ধায় ৫৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪২।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ ৫২ জন, দিনাজপুরে ৩৭ জন, কুড়িগ্রামে ২৫ জন, নীলফামারীতে ২৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩৫ জন, গাইবান্ধায় ২৮ জন, পঞ্চগড়ে ২৩ জন ও লালমনিরহাটে ১৯ জন আছেন। একই সময়ে বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ৩৯৬ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।