রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১, শনাক্ত ৪১৫
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫১৭। একই সময়ে বিভাগে নতুন করে ৪১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে মোট ৩ হাজার ৪০৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৯।
এর আগের দিন বিভাগে ৩ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬৭। একই সময়ে বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষার সঙ্গে করোনা শনাক্তের সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যু—তিনটিই বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৪১৫ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ১৬২ জন আছেন। এ ছাড়া রাজশাহীতে ৭৯ জন, নাটোরে ৭২ জন, বগুড়ায় ৫৪ জন, সিরাজগঞ্জে ২৫ জন, জয়পুরহাটে ৯ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন ও নওগাঁয় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার ১৫১। এদিকে বিভাগে গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৫ জন, রাজশাহীতে ৩ জন, নাটোরে ২ জন ও সিরাজগঞ্জে ১ জন আছেন।
বিভাগে আট জেলার মধ্যে এখন পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ৬৩২ জনের করোনায় মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ জন, নওগাঁয় ১৩০ জন, নাটোরে ১৫৩ জন, সিরাজগঞ্জে ৮৫ জন, জয়পুরহাটে ৫৪ জন ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ২৬ এপ্রিল বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়।
এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা যান। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৫১ জন। এর মধ্যে জুন মাসে ৩২৬ জন। মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে মারা গেছেন সর্বোচ্চ ৪৪৪ জন। আর আগস্ট মাসে এ পর্যন্ত ১৯৭ জন মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪ হাজার ২৫৪ জন।