রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬
রাজশাহী বিভাগে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা যান দুজন। এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৮২ শতাংশ।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে আগের ২৪ ঘণ্টায় ৭৬৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৮৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪৭ শতাংশ। অর্থাৎ বিভাগে শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। সঙ্গে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৫৬ জনের মধ্যে সিরাজগঞ্জের ৫৩ জন, রাজশাহীর ৩৮, পাবনার ২৫, বগুড়ার ১৯, নাটোরের ১২, নওগাঁর ৫ ও জয়পুরহাটের ৪ জন আছেন। এদিন চাঁপাইনবাবগঞ্জে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নতুন ১৫৬ জন নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ২৯৭-এ। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল রাজশাহীতে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত তিনজনের মধ্যে রাজশাহী জেলার দুজন ও বগুড়ার একজন রয়েছেন। এই তিনজন নিয়ে বিভাগে করোনায় মোট মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭। এর মধ্যে বগুড়ায় ৬৬৮ জন, রাজশাহীতে ২৯৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫২, নওগাঁয় ১৩৮, নাটোরে ১৬৯, সিরাজগঞ্জে ৯৫, জয়পুরহাটে ৫৬ ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা যান। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৪৮ জন। এর মধ্যে জুন মাসে মারা যান ৩২৬ জন। মাসভিত্তিক হিসাবে জুলাই মাসে মারা গেছেন সর্বোচ্চ ৪৪৪ জন। আগস্টে মারা গেছেন ২৯৯ জন। আর সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৭ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৪০৪ জন। বিভাগে ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।