রাজশাহী মেডিকেলে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গত আড়াই মাসের মধ্যে এটিই এ হাসপাতালের করোনা ওয়ার্ডে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এর আগে সর্বশেষ গত ১২ জুন এ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় একজন করে আছেন। এর মধ্যে করোনায় সংক্রমিত হয়ে দুজন ও করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগের দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছিল। ১৩ জুন থেকে জুলাই পর্যন্ত এ হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করেছে। তবে চলতি মাসে হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেশ কয়েকবার ১০-এর নিচে নেমেছে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে জুলাইয়ে সর্বোচ্চ ৫৩৫ জন এ হাসপাতালে মারা গেছেন। জুনে মারা গেছেন ৩৪৬ জন। আর আগস্টে এ পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বর্তমানে হাসপাতালে মোট ৪১৮টি শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯২। এর মধ্যে করোনা পজিটিভ ৮৪ জন, সন্দেহভাজন ৮৫ জন ও করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর সর্বোচ্চ ৮৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ২৯ জন, নওগাঁর ১৭ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার ৫ জন এবং চুয়াডাঙ্গা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী ও মেহেরপুরের ১ জন করে আছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে গতকাল বৃহস্পতিবার রাতে মোট ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৯ দশমিক শূন্য ২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৬ দশমিক ১৮।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরে আরটি-পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনে মোট ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ১৪ দশমিক ২৫ শতাংশ। এর আগের ২৪৫ ঘণ্টায় এই হার ছিল ১৪ দশমিক শূন্য ৭। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮৯৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীর দুজনের মৃত্যুর হলেও সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যে সেটি যোগ করা হয়নি। ফলে এখন পর্যন্ত রাজশাহী জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২৯০-ই দেখানো হয়েছে। দুই দিন ধরেই সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত আছে।