রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও নয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহী ও নাটোরের তিনজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন ও পাবনার একজন আছেন। তাঁদের মধ্যে চারজন করোনা পজিটিভ ও পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান ১০ জন। গত জুন-জুলাইয়ে হাসপাতালে ১০ থেকে ২৫-এর মধ্যে মৃত্যু ওঠানামা করলেও আগস্টে এসে সেটা কয়েকবার ১০-এর নিচে নেমেছে। হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে জুলাইয়ে মারা গেছেন সর্বোচ্চ ৫৩৫ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন। আর আগস্টে এ পর্যন্ত মারা গেছেন ৩০৩ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩৩ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ২২১ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১০৮ জন, সন্দেহভাজন ৮৩ জন, করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে মোট শয্যা ৪১৮টি। রোগী আছেন রাজশাহীর ১০২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, নাটোরের ২৩ জন, নওগাঁর ২২ জন, পাবনার ২০ জন, কুষ্টিয়ার ৯ জন, জয়পুরহাটের ৩ জন, সিরাজগঞ্জের ১ জন ও মেহেরপুরের ২ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে রাজশাহী জেলার মোট ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩১। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৮ দশমিক ১৬।
আজ সকালে রাজশাহী সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরে আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনে মোট ৩৪৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্ত ১৫ দশমিক ৫২ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১২ দশমিক ১৯। এ নিয়ে রাজশাহী জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭০৮।