রাজশাহীতে টিকাকেন্দ্র স্থানান্তর, নতুন কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি

রাজশাহী নগরীতে এত দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা দেওয়া হতো। কিন্তু প্রতিদিনই এখানে টিকাগ্রহীতার সংখ্যা বাড়ছিল। মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ভিড় ঠেকাতে ও টিকাদানের সংখ্যা বাড়াতে টিকাকেন্দ্র পরিবর্তন করে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে। আগামী শনিবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার নিবন্ধনকারীদের নতুন এই কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে জায়গাস্বল্পতা রয়েছে। তাই টিকাকেন্দ্রটি স্থানান্তর করা হয়েছে। এখন থেকে যাঁরা রাজশাহী মেডিকেল হাসপাতালের কেন্দ্রে রেজিস্ট্রেশন করবেন, তাঁদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে স্থাপিত বুথসমূহ থেকে টিকা নিতে হবে। নগরবাসীর সুবিধার্থে ও একসঙ্গে বেশিসংখ্যক মানুষকে টিকা প্রদানের লক্ষ্যে টিকাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে ৮টি বুথে টিকা প্রদান করা হচ্ছে। শনিবার থেকে নতুন কেন্দ্র রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ১৬টি বুথে করোনার টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। সবাইকে নতুন কেন্দ্রে এসে টিকা গ্রহণের আহ্বান জানান আঞ্জুমান আরা বেগম।

রাজশাহী নগরীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও রাজশাহী পুলিশ হাসপাতাল, রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে।