রোগাক্রান্ত হওয়া সামাজিক কালিমা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী বিভিন্ন সমাজে অনেক রোগের প্রাদুর্ভাবের সময়ে দেখা গেছে, কিছু মানুষকে সেই রোগের সঙ্গে সম্পৃক্ত করে ভুলভাবে চিহ্নিত করা হয়, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়। ইংরেজিতে এটাকে বলে সোশ্যাল স্টিগমা, (সামাজিক কালিমা)। এই প্রবণতা নিজেই একটি সংক্রামক ব্যাধির মতো, এটা এখন করোনা ভাইরাসের চেয়েও বেশি দ্রুত ছড়িয়ে পড়ছে ।

কিন্তু এটা নতুন প্রবণতা নয়। অতীতে অনেক দেশে অনেক রোগের প্রাদুর্ভাবের সময় দেখা গেছে। যেমন, কয়েক বছর আগেই, ২০১৪ সালে ইবোলা ভাইরাস মহামারির সময় পশ্চিম আফ্রিকার মানুষ ব্যাপকভাবে সামাজিক বৈষম্যের শিকার হয়েছে । ২০০৯ সালেও সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবের সময়ও একই প্রবণতা লক্ষ করা গেছে মেক্সিকান ও লাতিন বংশোদ্ভুত মানুষদের সাথে।

মধ্যযুগেও যখন প্লেগ মহামারির সময় একই নেতিবাচক প্রবণতা থেকে সারা ইউরোপ জুড়ে ইহুদিদের ওপর অত্যাচার চালানো হয়, অনেককে মেরে ফেলা হয় । অনেক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয় 'ডাইনি' উপাধি দিয়ে।

লকডাউনের ঠিক আগে, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক জাতিবিদ্বেষমূলক, বর্ণবিদ্বেষমূলক ঘটনার খবর শোনা গেছে, বিশেষ করে চীনা বংশোদ্ভুত মানুষদের সঙ্গে। লন্ডনে 'আমরা তোমাদের চায়নিজ ভাইরাস চাই না' বলে চীনা মানুষদের লাঞ্ছিত করা, মারধর করার খবর প্রচারিত হয়েছে। আমেরিকার বিভিন্ন শহর থেকেও একই ধরনের নির্যাতনের খবর এসেছে । এখন উন্নয়নশীল দেশগুলিতেও এ ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশও এর বাইরে নেই। এদেশে কিছু প্রবণতা লক্ষ করা যাচ্ছে। যেমন, ১. কোনো পরিবারের কোনো সদস্যের মধ্য করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে সেই পরিবার সামাজিক বৈষম্যের ভয়ে তা গোপন রাখছে। এতে অন্য মানুষদের জন্য সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে।

২. আক্রান্ত ব্যক্তিও গোপনীয়তা অলম্বন করতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে যাচ্ছেন না। ফলে তাঁর রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে, তাঁর মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে।
৩. যাঁরা চিকিৎসা চিকিৎসা নিতে যাচ্ছেন, তাঁরা লক্ষণগুলো এবং রোগের ইতিহাস ভুলভাবে বলছেন বা লুকিয়ে রাখছেন।এর ফলে রোগীর নিজের এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।
৪. যাঁরা চিকিৎসা নিতে যাচ্ছেন, তাদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে রেফার করে পাঠানো হচ্ছে রোগলক্ষণ সম্পর্কে সঠিক তথ্য ছাড়াই। এতে রোগ আরও ছড়িয়ে পড়ার এমনকি মৃত্যুর ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
৫. বিদেশ থেকে যাঁরা আসছেন, কিংবা করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এমন কোনো জেলা থেকে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন, তাঁরা অন্যদের মধ্যে রোগ ছড়াতে পারেন এই ভেবে তাঁদেরকে সামাজিকভাবে পরিত্যাগ করা হচ্ছে।
৬. স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এই বলে তাঁদেরকে ভাড়া বাসা বের করে দেওয়া হচ্ছে কিংবা চলে যেতে বলা হচ্ছে।
এই ধরনের অনভিপ্রেত আচরণের আরও অনেক উদাহরণ রয়েছে।


এই বিপজ্জনক প্রবণতা থেকে বের হওয়ার জন্য আমরা কী করতে পারি? আসুন, আমরা সবাই নিচের ৭ টি বিষয় মেনে চলি:


১. করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া। এই রোগের লক্ষণ, তা কীভাবে ছড়ায়, কীভাবে প্রতিরোধ করা যায়, এসব বিষয়ে নির্ভরযোগ্য উৎস থেকে বিস্তারিত জানতে হবে। ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সরকারি ওয়েবসাইট ইত্যাদি মাধ্যমে সঠিক তথ্য জানা সম্ভব।

২. সংক্রমণের উপসর্গ দেখা দিলে তা গোপন করবেন না। চিকিৎসা নিতে দেরি করলে জীবন ঝুঁকিতে পড়তে পারে। উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

৩. আপনার উপসর্গগুলোর কথা চিকিৎসককে বিশদভাবে বলুন। ভয় বা লজ্জার কিছু নেই। যেকোনো ব্যক্তিই এ রোগে আক্রান্ত হতে পারে, সময়মতো চিকিৎসায় অধিকাংশ রোগীই সেরে ওঠে।

৪. আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার বা বৈষম্যমূলক আচরণ করবেন না। এর জন্য তাঁকে অপরাধী ভাববেন না। তাঁকে ভয় পাওয়ারও কিছু নেই। তবে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার মনে সংক্রমণের সন্দেহ জাগলে আপনি নিজের বাসায় আলাদা থাকুন, সেলফ আইসোলেশনে থাকুন। আপনার আশেপাশে কারও লক্ষণ দেখা দিলে আপনি মাস্ক ব্যবহার করা, ২ মিটার দূরত্ব বজায় রাখুন, বার বার সাবান দিয়ে হাত ধোন। তাঁর সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করুন। তাঁর মনোবল বাড়ানোর চেষ্টা করুন। এটা আপনার মনুষ্যত্ব প্রকাশ করার সময়।

৫. যেহেতু সকলেই আক্রান্ত হতে পারে, তাই কোনো বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবেন না। এরকম আচরণের শুনলে অথবা দেখলে অবশ্যই তার প্রতিবাদ করুন। এটা আপনার নৈতিক দায়িত্ব।

৬. ডাক্তার ও নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তাই তাদের প্রতি আস্থা ও শ্রদ্ধা রাখুন। পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মানুষ বিভিন্নভাবে ডাক্তারদের সাহায্য করছেন, তাদের মনোবল বাড়াচ্ছেন। কখনো ডাক্তারদের জন্য দেশজুড়ে সবাই মিলে করতালি দিয়ে, কখনো বা প্রতিবেশী স্বাস্থ্যকর্মীর বাড়ির সামনে খাবার রেখে এসে। বাংলাদেশে এতটা না করতে পারলেও আমরা অন্তত এটুকু নিশ্চিত করতে পারি যে তাঁদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার আমরা করছি না। স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কাজ করতে যান বলে তাঁদেরকে যেন ভাড়া বাসা থেকে চলে যেতে না বলি। এই বিপদের সময়ে স্বাস্থ্যকর্মীদের ওপরে অনেক মানুষের চিকিৎসা নির্ভর করছে।

৭. ওপরের কথাগুলো আপনার চারপাশের মানুষের মধ্যে প্রচার করুন, নিজে সাবধানে থাকুন এবং সবার প্রতি সদয় হন।
ভাইরাস খারাপ, কিন্তু আমরা মানুষ হিসেবে খারাপ হব কেন? ভাইরাসের ভাল-মন্দ বিচারের ক্ষমতা নেই, কিন্তু আমাদের সেটা থাকতে হবে । আসুন, সামাজিক কালিমা বা নেতিবাচক মনোভাব প্রকাশ না করে, বৈষম্যমূলক আচরণ না করে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই।

ডা. রাজীব চৌধুরী: সিনিয়র এপিডেমিওলজিস্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর
ইউনিভারসিটি অফ ক্যামব্রিজ, ইংল্যান্ড
ডা. নুসরাত খান: এপিডেমিওলজিস্ট ও ডক্টরাল রিসার্চআর
ইউনিভারসিটি অফ ক্যামব্রিজ, ইংল্যান্ড