'রোগী আসছে, আর একটু পর পর মৃত ঘোষণা করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্থনি আলমোজেরা। ছবি: অ্যান্থনির ফেসবুক থেকে নেওয়া
অ্যান্থনি আলমোজেরা। ছবি: অ্যান্থনির ফেসবুক থেকে নেওয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬০৮ জন। এই প্রথমবারের মতো কোনো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৬ হাজার ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন। আর আমেরিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে নিউইয়র্ক। নিজের ১৭ বছরের পেশাজীবনে নিউইয়র্কে এমন অবস্থা দেখেননি নগরীর জ্যেষ্ঠ প্যারামেডিক অ্যান্থনি আলমোজেরা। নিউইয়র্কে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বিবিসিকে জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথাও।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে নিউইয়র্কের অবস্থা খুবই ভয়াবহ। এ কারণে এই অঙ্গরাজ্যে যে পরিমাণ করোনার পরীক্ষা করা হচ্ছে, তা এই সময় অন্য কোনো একটি দেশেও করা হচ্ছে না।

প্যারামেডিক অ্যান্থনি আলমোজেরা নিউইয়র্ক নগরে করোনা আক্রান্ত রোগীদের সেবায় প্রতিদিন ১৬ ঘণ্টা করে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, অন্য সহকর্মী যারা নিজের জীবন ও পরিবার নিয়ে চিন্তিত তাঁদেরও সাহস জুগিয়ে যাচ্ছেন তিনি।

ফায়ার ডিপার্টমেন্ট অব নিউইয়র্কস ইমারজেন্সি মেডিকেল সার্ভিসেস অফিসার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ও লেফটেন্যান্ট প্যারামেডিক অ্যান্থনি জানিয়েছেন, তাঁর পেশা জীবনে ৫ এপ্রিল রোববার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। সেই দিনের ঘটনা জানিয়েছেন তিনি।

অ্যান্থনি বলেন, রাতে একটু ঘুমিয়েছিলাম। পাঁচ ঘণ্টার মতো হবে। ঘুম থেকে উঠে গোসলে যেতে যেতেই আরও অনেকেই কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর শুনলাম। কাজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। কর্মক্ষেত্র ব্রুকলিনের সানসেট পার্ক। ১৬ ঘণ্টার শিফট। ইউনিফর্ম পরে নিলাম। পোশাক, রেডিও, চাবিসহ সব গিয়ার জীবাণুনাশক করা হলো। কারণ এই ভাইরাস যেকোনো স্থানে জীবিত থাকতে পারে। কোনো কিছুই এখন আর নিরাপদ না, এমনকি সহকর্মীরাও। যুদ্ধক্ষেত্রে আপনি বুলেট দেখতে পারেন, জানতে পারেন যে কে আপনার শত্রু। এখানে যুদ্ধে আছে অদৃশ্য বুলেট। আপনার আশপাশে যেই আসুক না কেন, তিনি অদৃশ্য এই বুলেট নিয়ে আসতে পারেন।

অ্যান্থনি বলেন, সকাল ছয়টা দুই মিনিটে আমি অফিসে লগ অন করি। মধ্য রাত থেকে তখন পর্যন্ত সবাই প্রায় ১ হাজার ৫০০ ফোন কল রিসিভ করেছে। হৃদ্‌রোগে আক্রান্ত রোগীর একটি কল আমি রিসিভ করেছিলাম। একজন লেফটেন্যান্ট হিসেবে আমি দ্রুত ওষুধ ও জরুরি মেডিকেল টেকনিশিয়ান ক্রু নিয়ে ওই রোগীর চিকিৎসা করাতে যাই। সব ধরনের সেবাই তাঁকে দেওয়া হয়েছে। যদিও এই সময়ে অত সেবা দেওয়ার মতো পর্যাপ্ত জনবল আমাদের নেই। তিনি বলেন, নিউইয়র্ক শহরে ইমারজেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যস্ত এখন। প্রতিদিন গড়ে চার হাজার কল আসে। ভয়াবহ নাইন-ইলেভেনের চেয়েও ভয়ঙ্কর ও ব্যস্ত দিন কেটেছে আমাদের ৫ এপ্রিল রোববার। সেদিন আমরা ৬ হাজার ৪০০ কল পেয়েছি। আমরা লক্ষ্য করেছি, গত ২০ মার্চের পর থেকেই এই সংখ্যা ক্রমশ বাড়ছিল। এটা যে হারে বাড়ছিল, সেভাবে আমাদের কোনো প্রস্তুতি নেই। চারদিক থেকে খবর আর বানের জলের মতো রোগী আসতে লাগল। কিন্তু রোগীর তুলনায় আমরা এত অল্প সংখ্যক জনবল নিয়ে কোন দিকে যাব, বুঝতে পারছিলাম না। শুধু জানি যে, সবকিছুই সামাল দিতে হবে।

এই প্যারামেডিক বলেন, এই মুহূর্তে ইমারজেন্সি মেডিকেল সার্ভিসের প্রায় ২০ শতাংশ জনবল অসুস্থ হয়ে পড়েছে। অনেকেই কোভিড-১৯ এ আক্রান্ত। এঁদের অনেককেই আবার আইসিউইতে নিতে হয়েছে। দুজন ভেন্টিলেশনে। এ ছাড়া লক্ষণ প্রকাশ পাওয়ায় সাত শতাধিক কর্মীকে কোয়ারেন্টিনে পযর্বেক্ষণ করা হচ্ছে। বাসা থেকেই আমরা গাউন, মাস্ক ও গ্লাভস পরে বের হই।

অ্যান্থনি বলেন, এক ব্যক্তির পরিবার থেকে জানানো হলো, তাঁর গত পাঁচ দিন ধরে জ্বর ও কাশি। আমরা তাঁর সিপিআর শুরু করলাম। একজন প্যারামেডিক আইভি শুরু করে দিলেন। অবস্থা গুরুতর। তাঁকে মৃত ঘোষণা করার আগে ৩০ মিনিট পর্যন্ত আমরা বাঁচাতে চেষ্টা করে গেছি। নিজেদের জীবানুনাশক দিয়ে পরিস্কার করতে করতেই ২০ মিনিটের মধ্যে হৃদরোগে আক্রান্ত আরেকজন রোগী এলেন। তাঁরও একই লক্ষণ, একই অবস্থা, একই চিকিৎসা এবং শেষে ফল একই, আগের জনের মতোই। করোনাভাইরাস শুরুতে ফুসফুসে আঘাত হানে। স্বাভাবিকভাবে রোগী পর্যাপ্ত অক্সিজেন নিতে পারে না। এর কারণে শরীরের অন্য সিস্টেমও বন্ধ হয়ে যেতে থাকে। একপর্যায়ে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আর কাজ করে না। আর এভাবেই মানুষ মরে যাচ্ছে। এই রোগীর কাজ শেষ করেই আরেকজন, তারপর আরেকজন, তারপর আরেকজন আসতেই আছে। আমাদের কোনো ফুরসত নেই। এই দিন শুধু একজন সাধারণ রোগী পেয়েছি, যিনি করোনায় আক্রান্ত ছিলেন না । আত্মহত্যা করেছিলেন। একবার ভাবুন, কীভাবে মাথা ঠিক রাখা যায়! সারাদিনের সব রোগী মৃত। এই রোগীও মৃত, আত্মহত্যা। তাও একটু হাঁফ ছেড়েছিলাম যে, এটা আমার আর অন্য দিনগুলোর মতোই একটি সাধারণ কাজ। সাধারণ রোগী দেখা। বেলা ১১টা পর্যন্ত আমি প্রায় ছয়জন হৃদ্‌যন্ত্রে আক্রান্ত রোগী সামাল দিয়েছি।

অ্যান্থনি আলমোজেরা সেই দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, এরপরসাত নম্বর রোগী এল। দেখছি একজন নারী মেঝেতে কাতরাচ্ছেন। পাশে তাঁর মেয়ে। মেয়ে জানালেন, তাঁর মা নিশ্বাস নিতে পারছেন না। এমনকি করোনার সব লক্ষণই তাঁর মাঝে উপস্থিত। গত কয়েক দিন থেকেই তিনি অসুস্থ। তাঁরা কোনো পরীক্ষা করাননি। তবু ভাবছেন তিনি করোনায় আক্রান্ত। যাই হোক, আমরা দ্রুত কাজ করি এবং শেষ পর্যন্ত তাঁকে বাঁচানোর চেষ্টা করি। পরে ওই নারীর মেয়ের কাছে জানা গেছে, ২ এপ্রিল একই লক্ষণ নিয়ে তাঁর বাবা মারা গেছেন। এ কথা শুনে দ্রুত ওই রোগীর কাছে যাই। চিকিৎসকের চোখ–মুখের দিকে তাকাই, বোঝার চেষ্টা করি। গত ১৭ বছর তাই করেছি। চিকিৎসকের চোখ–মুখের দিকে তাকিয়ে বুঝে গেছি, রোগী বেঁচে আছে নাকি নেই। এবারও বুঝলাম। চিকিৎসকদের ছলছল চোখ। মানে বেঁচে নেই ওই নারী। মাত্র তিনদিনের ব্যবধানে এভাবেই লক্ষণ নিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হলো। ততদিনে স্বামীর কবর হয়নি। এ কারণে মেয়েকে বাবা-মা দুজনের লাশই কবর দেওয়ার চাপ নিতে হয়েছে। তবে এ ক্ষেত্রে তিনি কিছুটা ভাগ্যবান। কারণ বাবা-মা দুজনকেই তিনি কবর দিতে পেরেছেন।

অ্যান্থনি আরও বলেন, এ ঘটনার পর একটু সময়ের জন্য বাইরে যাই। একটু মুক্ত বাতাস নিই। এরপর আবার একের পর এক রোগী আসতে লাগল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। একটা এশিয়ান পরিবার এল। তাঁরা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে, তাঁদের চাচা আর বেঁচে নেই। তাঁরা বারবার রোগীকে হাসপাতালে ভর্তি করাতে বলছিল। কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব ছিল না। কারণ কেউ বেঁচে আছেন এমন কোনো লক্ষণ যদি না থাকে, তার পেছনে হাসপাতালের সময় ব্যয় করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। তবু তাঁরা বারবার বলছে, চাইলে নাকি আমি তাঁকে বাঁচাতে পারি। মাস্ক দিয়ে আমার মুখের প্রায় পুরো অংশ ঢাকা, তাই চাইলেই আমি আমার চোখ–মুখের অনুভূতি তাঁদের দেখাতে পারছি না। আমি এ রকম দিন আর জীবনে কোনোদিন পাইনি। আবেগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল খুব। কোনো দিকে ভালো খবর নেই। শুধু মাঝে মাঝে ইচ্ছে করে চোখ বন্ধ করে স্বপ্ন দেখি, চারদিকে ফুল নিয়ে আনন্দ করছে সহকর্মীরা। এই শুধু। চোখ খুললেই ভিন্ন পরিস্থিতি।

অ্যান্থনি আলমোজেরা ও তাঁর প্যারামেডিক দল। ছবি: অ্যান্থনির ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অ্যান্থনি আলমোজেরা ও তাঁর প্যারামেডিক দল। ছবি: অ্যান্থনির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অ্যান্থনি বলেন, মাঝে মাঝে সহকর্মীরা এসে কাঁধে হাত রাখে। আমরা সবাই জানি, কার ভেতরে কী চলছে। তবু কেউ কাউকে কিছু বলি না। চুপচাপ থাকি। রোগী আসে। রোগী দেখি। সামাল দিই। চেষ্টা করি সর্বোচ্চ। শেষে মৃত ঘোষণা করি। রাত সাড়ে নয়টার দিকে শেষ রোগী দেখি। সেটাও হৃদ্‌যন্ত্রে আক্রান্ত। একই লক্ষণ—জ্বর ও কাশি। অবশেষে তাঁকেও মৃত ঘোষণা করতে হয়েছে। এরপর আমি আর হাসপাতালে থাকতে পারিনি। থাকা সম্ভবও নয়। সোজা বাসায় চলে গেছি।

অ্যান্থনি আলমোজেরা বলেন, আমি বাসায় একলা থাকি। বাসায় ছোট বাচ্চা বা আর কেউ নেই। শুধু এইটুকু ভেবে এখন শান্তি পাই। কারণ আমি অন্তত ভাইরাস বহন করে বাসায় নিয়ে কাউকে আক্রান্ত করছি না। কিন্তু অধিকাংশ মানুষই এমন নয়। আমাদের অনেক সহকর্মীই আছেন, যারা বাসা গিয়ে ভেতরে ঢোকেন না। বাইরে রাখা গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। যাতে এই ভাইরাস বাসার ভেতর কাউকে আক্রান্ত না করে।

আলমোজেরা আরও বলেন, আমি এই পেশায় অনেকদিন কাজ করছি। বৌদ্ধ ধর্ম পালন করি, মেডিটেশন করি। কখনো কোনোদিন ভেঙে পড়িনি। আবেগ আমাকে অতটা আক্রান্ত করেনি। কিন্তু এবার পারছি না। কারণ আমি জানি, কাল আবার আমাকে ১৬ ঘণ্টার জন্য হাসপাতালে ডিউটি পালন করতে হবে। অসংখ্য রোগী আসবে আর মৃত ঘোষণা করতে হবে।