রোগী ও শনাক্তের হার কমেছে চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে সর্বশেষ নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা কমেছে। এক দিনের ব্যবধানে রোগী কমেছে ৪১ জন। গত ২৪ ঘণ্টায় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যার ছিল ৫৮০। এদিন রোগী শনাক্তের হার ছিল ১৯। বুধবার নতুন করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় ওই দিন শনাক্তের হার ২১ দশমিক ৩২। ওই দিন চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা যান। মঙ্গলবার চট্টগ্রামে নতুন করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৩৮। ওই দিন চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে তিন ব্যক্তি মারা গেছেন।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১১১। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ৩৪৪ জন। বিভিন্ন উপজেলার ১৯৫ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৮০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।