লাশ নেওয়ার অবস্থা নেই, তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা বাড়িগুলো ভরে গেছে। ছবি: এএফপি
নিউইয়র্কের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা বাড়িগুলো ভরে গেছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা বাড়িগুলোর অবস্থা এখন করুণ। লাশ নেওয়ার মতো অবস্থা নেই তাদের। তবু অনেক ফিউনেরাল হোম বা অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা বাড়ি এখন নিরুপায়। নিউ ইয়র্কের তেমনি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিউনেরাল অ্যান্ড ক্রিমেশন সার্ভিসেস।
তাদের সেবা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে, তবু কাউকে তারা না বলতে পারছে না। শোকগ্রস্ত পরিবারগুলোকে হতাশ করতে না পেরে তারা করোনাভাইরাসের সংক্রমণে মৃত সবার লাশ গ্রহণ করার চেষ্টা করছে।


নিউইয়র্কে ৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৭৯৯ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা যান। গত কিছু দিনে মৃত মানুষের সংখ্যা অর্ধেকে নেমে এলেও হারলেমের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা ওই প্রতিষ্ঠানের ফোন বেজেই চলেছে।

অন্ত্যষ্টিক্রিয়া পরিচালক নিকোল ওয়ারিং বলেন, 'তারা মরিয়া। তারা বলতে থাকে, “আমার প্রিয়জনকে পটারের মাঠে পাঠাতে চলেছে, হাসপাতালগুলো তাঁদের দেহ আর রাখবে না। আপনি কি সাহায্য করতে পারবেন? অনেক সময় অপারগ হলেও না করা সম্ভব হয় না।'
গত মাসে নিউইয়র্ক করোনাভাইরাস বিস্তারের কেন্দ্র হয়ে ওঠার পর থেকেই তারা কোভিড ১৯ ভুক্তভোগীদের নিয়ে বিপর্যস্ত।
যুক্তরাষ্ট্রের ওই অঙ্গরাজ্যে যেখানে ২০ হাজারের মতো মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে আত্মীয়–স্বজনের জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়ার বাড়ি খুঁজে পাওয়া চ্যালেঞ্জ।
ওয়ারিং বলেন, অনেক অন্ত্যেষ্টিক্রিয়ার বাড়ি ভরে গেছে বলে আমাদের কাছে প্রচুর কল আসছে। অন্য প্রতিষ্ঠান আর কল ধরছে না।
ব্যবস্থাপক আলিশা নার্ভায়েজও শোকগ্রস্তদের বেদনা বাড়াতে চান না বলে প্রতিটি মরদেহ গ্রহণ করার চেষ্টা করেন। এ কারণে কর্মীদের নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন।
নার্ভায়েজ বলেন, 'আমার পছন্দমতো সেভাবে তাদের সেবা করতে না পারা আমার জন্য হতাশাব্যঞ্জক। সবচেয়ে কঠিন কোনো পরিবারকে ফিরিয়ে দেওয়া। আমরা তা করার চেষ্টা করি না।'
ওয়ারিং বলেন, 'যেভাবে একের পর এক লাশ আসছে, তা বেদনাদায়ক ও মানসিক অবসাদে ভোগানোর মতো।'
বার্তা সংস্থা এএফপি জানায়, গত সপ্তাহে তারা মিনিভ্যানে করে দুটি লাশ এ বাড়িতে আনতে দেখেছে। সেখানে নার্ভায়েজ ও অন্য সদস্যরা মিলে স্ট্রেচারে করে 'কোভিড-১৯' চিহ্ন দেওয়া লাশ বহন করছেন। এরপর ভেতরে একটি দল মৃতদেহ প্রস্তুত করে, প্রশাসনিক পদ্ধতি সম্পন্ন করে এবং একটি বিশেষ কক্ষে ১০ জনের একটি টিম অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সামাজিক দুরত্বের বিধিনিষেধের কারণে কেবল দশজনকেই এ অনুমতি দেওয়া হয়। এর পরে মৃতদেহ অন্য সাইটে দাহ করা হয়। সেখানে স্বজনেরা খুব কমই উপস্থিত থাকেন।
নার্ভায়েজ বলেন, 'কোয়ারেন্টিনে থাকা আত্মীয়–স্বজন আসতে পারেন না। আমরাই সব। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে রেকর্ড রাখি এবং পরিবারের কাছে পাঠিয়ে দিই। এটা খুব কঠিন কাজ।'
৩০ বছর বয়সী নার্ভায়েজ বলেন, সংকটের সময় সপ্তাহের প্রতিটি দিনই তিনি কাজ করে চলেছেন। শিগগিরই যে কিছুটা সময় বিশ্রাম করবেন, তা কল্পনা করতে পারছেন না। আরও দুই মাস অন্তত তাঁদের এ দুর্দশার মধ্য দিয়ে যেতে হবে।
অন্ত্যেষ্টিক্রিয়ার বাড়ির এ ব্যবস্থাপক বলেন, 'আশা করি, এ লাশের মিছিল কিছুটা কমবে। কারণ, আমার সত্যিই বিরতি দরকার। এরপর আমাকে একটা বিরতি নিতেই হবে।'