যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনা
শুরুতে টিকা পাচ্ছেন সম্মুখসারীর বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বাংলাদেশি হিসেবে টিকা নিয়েছেন চিকিৎসক মাসুদুল হাসান। যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে সবার আগে টিকা নিয়েছেন রেহানা আক্তার।
করোনাভাইরাস মহামারি এখনো লাগামহীন। তবে এই ঘোর অমানিশায় আশার আলো হয়ে এসেছে টিকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে এরই মধ্যে জরুরি ভিত্তিতে টিকার অনুমোদন ও প্রয়োগ শুরু হয়ে গেছে। এসব দেশে টিকা নিয়েও ফেলেছেন কয়েক লাখ মানুষ। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। টিকা গ্রহীতারা স্বস্তি আর আনন্দের কথা জানালেও কারও কারও মধ্যে সংশয়ও কাজ করছে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে ফাইজার-বায়োএনটেকের টিকা অন্যতম। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে এই টিকা উদ্ভাবন করেছে। টিকাটি প্রথম অনুমোদন ও প্রয়োগ শুরু হয় যুক্তরাজ্যে। এরপর যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ টিকাটির অনুমোদন দিয়েছে। সর্বশেষ গত সোমবার ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশে টিকাটি শর্তসাপেক্ষে বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে দেশটির আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার টিকারও অনুমোদন দেওয়া হয়েছে।
নিউইয়র্কে টিকা নেওয়া প্রথম বাংলাদেশি চিকিৎসক মাসুদুল
যুক্তরাষ্ট্রে ১১ ডিসেম্বর ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়। এরপর ১৪ ডিসেম্বর দেশজুড়ে পর্যায়ক্রমে টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম দফায় সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী ও নার্সিং হোমে থাকা অতিঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে।
নিউইয়র্কে প্রথম সপ্তাহে টিকা নিয়েছেন ৩৮ হাজার মানুষ। এই কর্মসূচির শুরুতেই টিকা নিয়েছেন বাংলাদেশি চিকিৎসক মাসুদুল হাসান (৫৮)। নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিনিই প্রথম টিকাটি নিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি ফাইজারের টিকা নেন। মাসুদুল হাসান মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক।
নিউইয়র্কে স্বাস্থ্যসেবাসহ সামনের সারির জরুরি কাজে ২০ হাজারের বেশি বাংলাদেশি জড়িত। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, পুলিশ, ট্রাফিক, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সকর্মী রয়েছেন। এ ছাড়া ক্যাব চালানোসহ বিভিন্ন প্রান্তিক কাজেও জড়িত রয়েছেন আরও হাজারো প্রবাসী বাংলাদেশি।
প্রথম সপ্তাহে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের সবাই টিকা পাননি: ডা. ফেরদৌস খন্দকার
তবে টিকা কর্মসূচির শুরুতেই নিউইয়র্কের সব প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী টিকা নেওয়ার সুযোগ পাননি। এ ব্যাপারে আরেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ফেরদৌস খন্দকার প্রথম আলোকে বলেন, টিকার যে সরবরাহ এসেছে, তাতে প্রথম সপ্তাহে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের ১০ শতাংশের কম টিকা নিতে পেরেছেন। ফেরদৌস খন্দকার গত মার্চ থেকে নিউইয়র্কে অবস্থানরত করোনা সংক্রমিত প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে আসছেন।
চিকিৎসক ফেরদৌস খন্দকার প্রথম আলোকে বলেন, নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে এখন দুই হাজারের বেশি বাংলাদেশি করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি নিজে এখন প্রায় ২০০ বাংলাদেশিকে সেবা দিচ্ছেন।
মডার্নার টিকা এলে পরিসর বাড়বে: ডা. জিয়াউদ্দিন আহমেদ
নিউইয়র্কেই বাংলাদেশিসহ অন্যদের অক্লান্ত সেবা দিচ্ছেন আরেক প্রবাসী চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ (৬৬)। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর পরিবারের চার চিকিৎসক সদস্যের মধ্যে এ পর্যন্ত দুজন করোনার টিকা নিতে পেরেছেন। তাঁরা হলেন তাঁর স্ত্রী ফাতেমা আহমেদ (৫৮) ও মেয়ে নাহরীন আহমেদ (৩৫)। এই দুজনই ফাইজারের টিকা নিয়েছেন।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রথমে জরুরি সেবা বা সরাসরি করোনা রোগীদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে মডার্নার টিকার সরবরাহ চলে এলে আরও বড় পরিসরে টিকা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউইয়র্কে টিকা নেওয়া অন্য প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে মুশফেকা মনসুর (৫৫), মোহাম্মদ ইসলাম (৫৭), আবুল কালাম আজাদও রয়েছেন। তবে এখানে টিকা নেওয়ার ব্যাপারে সব বাংলাদেশিই সমান আগ্রহী নন। কারও কারও মধ্যে সংশয়ও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পর্যন্ত যে কজন প্রবাসী বাংলাদেশি নিউইয়র্কে টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
টিকা নিচ্ছেন অন্য পেশার বাংলাদেশিরাও
নিউইয়র্কে শুধু প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরাই নন, অন্য পেশার বাংলাদেশিরাও টিকা নিচ্ছেন। অনেকে আবার টিকা নেওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁদের একজন নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা রাজুব ভৌমিক। তিনি প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে তাঁদের প্রস্তুতি রয়েছে। টিকা নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। এ কারণেই কেউ কেউ তেমন আগ্রহী নন। আবার কারও কারও মধ্যে সংশয়ও কাজ করছে।
নিউইয়র্কের ট্রাফিক কর্মকর্তা সৈয়দ উতবা প্রথম আলোকে বলেন, পাঁচ শতাধিক বাংলাদেশি ট্রাফিক কর্মকর্তা এই নগরীতে কাজ করছেন। চলতি সপ্তাহেই তাঁদের টিকা দেওয়া শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণে মারা যাওয়া বাংলাদেশি ও তাঁদের পরিবারের তথ্য সংগ্রহ করছেন সাংস্কৃতিক সংগঠক বিশ্বজিৎ সাহা। তিনি প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় চার শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ৩০০ জনের বেশি।
নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো জানিয়েছেন, গত সোমবার পর্যন্ত এখানে ফাইজারের টিকা নিয়েছেন ৩৮ হাজার মানুষ। জরুরি সরবরাহের আওতায় মডার্নার সাড়ে তিন লাখ ডোজ টিকা চলতি সপ্তাহেই নিউইয়র্কে পৌঁছাতে শুরু করবে। সপ্তাহের শেষ দিকে ফাইজারের আরও ১ লাখ ২০ হাজার টিকা পৌঁছাবে।
যুক্তরাজ্যে টিকা নেওয়া প্রথম বাংলাদেশি রেহানা আক্তার
যুক্তরাজ্যে ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয় ২ ডিসেম্বর। এরপর ৮ ডিসেম্বর টিকা দেওয়া শুরু হয়। প্রথম টিকাটি নেন নর্দান আয়ারল্যান্ডের বাসিন্দা ৯০ বছর বয়সী মার্গারেট কেনান। গত শনিবার পর্যন্ত দেশটিতে সাড়ে তিন লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যে কতজন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন, তার কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যুক্তরাজ্যে স্বাস্থ্য খাতে কাজ করেন, এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্তত কয়েক ডজন বাংলাদেশি এরই মধ্যে করোনার টিকা পেয়েছেন। তাঁদের মধ্যে হ্যাম্পস্টেড এলাকার রয়্যাল ফ্রি হসপিটালে সহকারী নার্স হিসেবে কর্মরত রেহানা আক্তার প্রথম বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, যিনি টিকা নিয়েছেন।
রেহানা পূর্ব লন্ডনের রেডব্রিজ এলাকার বাসিন্দা। বাংলাদেশে তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। গত রোববার টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, ৯ ডিসেম্বর তিনি ওয়ার্ড ম্যানেজারের কাছ থেকে ই-মেইল পান। এতে টিকার জন্য বুকিং দিতে বলা হয়। তিনি সঙ্গে সঙ্গে বুকিং নিয়ে নেন। ১০ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটায় তাঁকে রয়্যাল ফ্রি হসপিটালে টিকা দেওয়া হয়।
দুই সন্তানের মা রেহানা বলেন, স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতিনিয়ত তাঁকে করোনা রোগীদের সেবা দিতে হয়। ফলে করোনার কষ্ট সম্পর্কে তিনি ভালো করেই জানেন। টিকা দিতে পেরে বেশ আনন্দিত এবং নিরাপদ বোধ করছেন বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে রেহানা বলেন, টিকা দেওয়ার পর ১৫ মিনিট টিকাকেন্দ্রে অপেক্ষা করতে হয় তাঁকে। এই অপেক্ষা আসলে পর্যবেক্ষণের জন্য। গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হলে টিকা নেওয়ার প্রথম ১৫ মিনিটেই তা প্রকাশ পেতে শুরু করে।
বাংলাদেশের মেহেরপুরের সন্তান পূর্ব লন্ডনের নিউব্যারি পার্ক হেলথকেয়ার সেন্টারের স্বাস্থ্যকর্মী শাহানা কাকলী প্রথম আলোকে বলেন, তাঁদের অধীনে নিবন্ধিত রোগীদের ১৬ ডিসেম্বর টিকা দেওয়া শুরু হয়েছে। এ জন্য আগে থেকেই রোগীদের তালিকা করে ফোন করা শুরু হয়। এসব তালিকায় অনেক বাংলাদেশিও রয়েছেন।
দেখলাম এটা সাধারণ ফ্লু ইনজেকশনের মতোই: মোহাম্মদ ইলিয়াস
৮৬ বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস লন্ডনের পার্শ্ববর্তী শহর কেন্টের বাসিন্দা। বাংলাদেশে তাঁর বাড়ি মৌলভীবাজারের বড় কাপন এলাকায়। স্থানীয় অরপিংটন এলাকার প্রিন্সেস রয়্যাল হাসপাতালে তিনি ১৪ ডিসেম্বর টিকা নেন। গত রোববার টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, টিকা নেওয়ার চার-পাঁচ দিন আগে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) থেকে টেলিফোন আসে। তাঁকে টিকা নিতে অনুরোধ করা হয়।
মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘শুরুতে টিকা নিয়ে আমার কিছুটা ভয়, অনীহা ছিল। আমার এক ছেলে আর ছেলের বউ চিকিৎসক। তাঁরা আমাকে টিকা নেওয়ার উপকারিতা সম্পর্কে বুঝিয়েছে। তারপর আমি রাজি হই।’ তিনি বলেন, টিকা নেওয়ার আগে তিনি কী কী ওষুধ খান, জানতে চেয়েছেন চিকিৎসক। অ্যালার্জির সমস্যা আছে কি না, তা-ও জিজ্ঞাসা করেছেন। এরপর টিকা দেন। তিনি আরও বলেন, ‘শুরুতে ভয় পেলেও এটা দেখলাম সাধারণ ফ্লু ইনজেকশনের মতোই। চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। টিকা নেওয়ার পর বেশ সুস্থ আছি। টিকা নিতে পেরে স্বস্তি বোধ করছি।’
বুকিং থাকলেও কেউ কেউ টিকা নিতে আসছেন না: মোস্তফা ফারুক
যুক্তরাজ্যপ্রবাসী মোস্তফা ফারুক গত রোববার টিকা নেন। বাংলাদেশে তাঁর বাড়ি যশোরে। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার ওয়েস্টফ্যারি রোডে অবস্থিত বারকেনটাইন জিপি প্র্যাকটিসের ব্যবস্থাপক। ৬৩ বছর বয়সী মোস্তফা ফারুক বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধীন মোট ৩৬টি জিপি সার্জারি সম্মিলিতভাবে টিকাদানের উদ্যোগ নিয়েছে। কারণ, মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হয়। তাই সার্জারিগুলোর পক্ষে আলাদা করে এর সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্ভব নয়। এ কারণে কুইনমেরি ইউনিভার্সিটিতে যৌথভাবে টিকাদান কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
মোস্তফা ফারুক প্রথম আলোকে বলেন, শুরুতে ৮০ বছরের বেশি বয়সীদের তালিকায় রাখা হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায়, বুকিং থাকলেও কেউ কেউ টিকা নিতে আসছেন না। সেই সুযোগ নেন স্বাস্থ্যকর্মীরা।