শেরপুরে কোভিড-১৯ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু
শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত করতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ।
পরে জেলার সিভিল সার্জন আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, এখন থেকে কোভিড-১৯ সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহের পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানা যাবে। করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার প্রথম থেকে সপ্তম দিনের মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড বুথে উপস্থিত হয়ে যে কেউ নমুনা দিতে পারবেন। অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ ফল এলে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হবে। অ্যান্টিজেন পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২৫০টি কিট দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. হাফিজুর রহমান বলেন, আজ অ্যান্টিজেন পরীক্ষার জন্য ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাঁদের সবার করোনা নেগেটিভ ফল এসেছে।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, আজ পর্যন্ত জেলায় ৫৫৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২০ জন সুস্থ হয়েছেন। আর ১২ জনের মৃত্যু হয়েছে।