সংকট থেকে নিতে হবে শিক্ষা

করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র। অনিশ্চয়তার মধ্যে আশার আলো দেখাচ্ছে টিকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০ সালটি ছিল করোনার বছর
প্রতীকী ছবি

করোনায় প্রিয়জনের মৃত্যুতে মুষড়ে পড়েছে পরিবারটি। আতঙ্ক-উদ্বেগ কাটেনি। আক্রান্ত হয়ে পরিবারের আরও এক সদস্যের চিকিৎসা চলছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। রাজধানীর টিটিপাড়ার এই পরিবারের বড় ছেলের স্ত্রী প্রথম আলোকে বলেন, ১৪ ডিসেম্বর তাঁর শ্বশুর আর শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ ডিসেম্বর শাশুড়ি মারা যান। শ্বশুর এখনো হাসপাতালে।

টিটিপাড়ার পরিবারটির মতো দেশের বহু পরিবারকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেতে হচ্ছে। শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র, কৃষক-ব্যবসায়ী, নিরক্ষর-বিজ্ঞানী, মালিক-শ্রমিক, রাজনীতিক-সমর্থক, সাংসদ-আইনজীবী-চিকিৎসক-বিচারপতি—সমাজের সব শ্রেণি-পেশার মানুষ করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২০ সালটি ছিল করোনার বছর। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তখন থেকেই জীবনযাত্রা বদলাতে থাকে। ১৮ মার্চ যেদিন করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, সেদিন আতঙ্ক আরও বেড়ে যায়। মানুষ ঘর থেকে বের হওয়া কমিয়ে দেয়। ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হয়।

মহামারি শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি বড় ধরনের সামাজিক সমস্যা। করোনার কাছে অসহায় মানুষ এমন কিছু আচরণ করেছে, যা ছিল একেবারে অপ্রত্যাশিত।
করোনাভাইরাস প্রতীকী ছবি।

করোনায় জীবনযাত্রা বদলে গেছে। সচেতন মানুষ এখন ঘর থেকে বের হওয়ার সময় সুরক্ষাসামগ্রী সঙ্গে নেওয়া অভ্যাসে পরিণত করেছে। বাইরে খাবার খাওয়া, সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া, অপ্রয়োজনে ঘোরাঘুরি কমে গেছে। তবে ব্যক্তি ও পরিবারের বড় শিক্ষা আপৎকালের জন্য সঞ্চয় করা। করোনাকালে শিক্ষা নিয়ে বহু পরিবার অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয়ে মনোযোগী হয়েছে। অনেকের আবার খরচের খাতও কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত জুন শেষে ব্যাংকে হিসাব বা অ্যাকাউন্ট দাঁড়িয়েছে ১৩ কোটি ২৪ লাখে, যা এক বছর আগের তুলনায় ৩৪ শতাংশ বেশি। গত অক্টোবর শেষে ব্যাংকে আমানত বাড়ার হার দাঁড়িয়েছে প্রায় ১৩ শতাংশ, যা স্বাভাবিক সময়ের চেয়েও বেশি।

বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন বলেন, তিনি করোনার শুরুর দিকে ব্যাংকে দুটি সঞ্চয়ী হিসাব খুলেছেন। একটি দীর্ঘমেয়াদি, অন্যটি তিন বছর মেয়াদি।

মহামারি শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি বড় ধরনের সামাজিক সমস্যা। করোনার কাছে অসহায় মানুষ এমন কিছু আচরণ করেছে, যা ছিল একেবারে অপ্রত্যাশিত।

দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তখন থেকেই জীবনযাত্রা বদলাতে থাকে। ১৮ মার্চ যেদিন করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, সেদিন আতঙ্ক আরও বেড়ে যায়।

করোনায় আক্রান্ত সন্দেহে এক মাকে তাঁর সন্তানেরা জঙ্গলে ফেলে দিয়ে যান বলে গণমাধ্যমে সংবাদ বের হয়। এ ধরনের ঘটনা মানুষের মধ্যে হতাশা, অবিশ্বাস জন্ম দিতে থাকে। অস্থির সময়ে বেড়ে যায় গৃহ নির্যাতন বা পারিবারিক কলহ ও সহিংসতা। প্রথম আলোর এক অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বিবাহবিচ্ছেদ বেড়ে গেছে। অন্যদিকে পুলিশের প্রতিবেদন বলছে, গত বছরের তুলনায় এ বছর দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টি, গবাদিপশু চুরি, সম্পত্তি দখল বেড়েছে।

প্রতিষ্ঠান বন্ধ থাকায়, ভর্তি বন্ধ থাকায় এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিক্ষা খাতে। দোকানপাট-বাজার-বিপণিবিতান, পোশাকশিল্প কারখানা, ছোট ব্যবসা বন্ধ হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন স্বল্প আয়ের মানুষ।

সম্পদের সীমাবদ্ধতা থাকার পরও বাংলাদেশ বিগত দশকগুলোতে স্বাস্থ্য খাতে কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। করোনা সেই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। প্রস্তুতিহীনতা, দুর্বলতা প্রকাশ্য হয়ে পড়ে। অনিয়ম-দুর্নীতি স্বাস্থ্য খাতের পুরোনো সমস্যা, তবে মহামারির সময় তা আরও প্রকাশ্য হওয়ার ঘটনা অনেকেরই ধারণার বাইরে ছিল।

জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ‘এই মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে সংক্রমণ প্রতিরোধে আমাদের সক্ষমতার ঘাটতি আছে। এর পাশাপাশি আছে অব্যবস্থাপনা ও দুর্নীতি। এসব ঘাটতি-কমতি দূর করতে না পারলে আমরা ভবিষ্যতের মহামারি মোকাবিলা করতে একই ধরনের সমস্যায় পড়ব, ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতেও ব্যর্থ হব।’

এখনো কোভিড–১৯ চলমান, বিদায় নেয়নি। সামনে কোভিড-২১ হবে না, সেই নিশ্চয়তা কে দেবে। এক ভুল দুবার করতে নেই।
সৈয়দ নাসিম মঞ্জুর, সাবেক সভাপতি, ডিসিসিআই

‘এক ভুল দুবার করতে নেই’

করোনাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ২০২০ সালকে বলছেন সজাগ হওয়ার বছর বা ওয়েক আপ কল। তাঁদের কেউ কেউ ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি মোকাবিলায় বিকল্প পরিকল্পনা রাখছেন। আবার কেউ বলছেন, সরকারকেও নতুনভাবে ভাবতে হবে।

ব্যবসায়ীদের একজন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘করোনাকালে অনেক কিছু হারালাম। আবার বুঝলাম কতটা কম দিয়েও বেঁচে থাকা যায়।’

নাসিম মঞ্জুরের মা শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাবা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের পারিবারিক ব্যবসাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২০ সাল থেকে কী কী শিক্ষা নেওয়া উচিত জানতে চাইলে নাসিম মঞ্জুর বলেন, স্বাস্থ্য খাত ও অর্থনীতি নিয়ে এখন নতুন করে চিন্তা করার সময়। তিনি বলেন, এখনো কোভিড–১৯ চলমান, বিদায় নেয়নি। সামনে কোভিড-২১ হবে না, সেই নিশ্চয়তা কে দেবে। এক ভুল দুবার করতে নেই।

এই মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে সংক্রমণ প্রতিরোধে আমাদের সক্ষমতার ঘাটতি আছে। এর পাশাপাশি আছে অব্যবস্থাপনা ও দুর্নীতি। এসব ঘাটতি-কমতি দূর করতে না পারলে আমরা ভবিষ্যতের মহামারি মোকাবিলা করতে একই ধরনের সমস্যায় পড়ব, ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতেও ব্যর্থ হব।
অধ্যাপক বে-নজির আহমে, জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক