চট্টগ্রামের করোনা পরিস্থিতি
সংক্রমণ কমেছে, কাটছে হাসপাতালের শয্যাসংকট
সাধারণ শয্যাসংকট কাটলেও সরকারি–বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যা খালি পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রামে এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের তীব্রতা কিছুটা কমে এসেছে। সংক্রমণ হার চার দিন ধরে ২০ শতাংশ বা তার সামান্য ওপরে ওঠানামা করছে। একই সময়ে করোনায় মৃত্যুর সংখ্যাও আগের চেয়ে একটু কমেছে। হাসপাতালগুলোও শয্যাসংকট কাটিয়ে উঠছে ধীরে ধীরে।
তবে এতে এখনই স্বস্তিতে না ভুগে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি টিকাকরণ নিশ্চিতের ওপর জোর দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, লকডাউন ওঠে যাওয়ায় সংক্রমণ পুনরায় মাথাচাড়া দিতে পারে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আগস্ট মাসের শুরুতে চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ছিল দিনে ৩০ থেকে ৩৭ শতাংশ। তখন দিনে সহস্রাধিক আক্রান্ত হতে শুরু করে। এ ছাড়া মৃত্যু ছিল প্রতিদিন ১০ জনের বেশি। চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় গতকাল রোববার করোনাভাইরাস সংক্রমিত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত ২২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে কম সংক্রমণ ছিল ১২ আগস্ট—২০ শতাংশ।
এর আগে ৬ আগস্ট চট্টগ্রামের হাসপাতালগুলোতে সাধারণ শয্যায় রোগী ছিলেন ১ হাজার ৯০৯ জন। একই সময়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন ২০৫ জন রোগী। গতকাল তা কমে সাধারণ শয্যায় রোগী দাঁড়ায় ১ হাজার ৪৮৩ জন। আইসিইউতে রোগী আছেন ১৬৯ জন।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, শনাক্ত হার কমায় হাসপাতালেও চাপ কমেছে। তবে লকডাউন খুলে দেওয়ায় লোকজনের সমাগম বিভিন্ন স্থানে বেড়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আবার বাড়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে সমাগম বন্ধ রাখতে হবে।
নগরের প্রধান চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও রোগীর চাপ কমে এসেছে। গতকাল এখানে করোনা রেড (আক্রান্ত) ও ইয়েলো (উপসর্গ) জোনে রোগী ছিল প্রায় ২৪০ জন। অথচ সপ্তাহখানেক আগে ৩২০ জন পর্যন্ত রোগী ছিল। মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়েছে।
* আগস্ট মাসের শুরুতে চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ছিল দিনে ৩০ থেকে ৩৭ শতাংশ। * চার দিন ধরে সংক্রমণ ২০ শতাংশের বা তার সামান্য বেশি। গতকাল ছিল ২২ শতাংশ।
একইভাবে নগরের আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে। সেখানে গতকাল রোগীর সংখ্যা ছিল ১৭০ জন। দিনে ভর্তি রোগীর সংখ্যাও আগের চেয়ে অনেক কমে এসেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘এখন শয্যা ফাঁকা আছে। আগে তো শয্যা দেওয়ার জন্য আমাদের হিমশিম খেতে হয়েছে। তবে আইসিইউ এখনো পূর্ণ। আগে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যাঁদের অবস্থা খারাপ ছিল তাঁরা এখনো ১৮টি আইসিইউতে রয়েছেন।’
একইভাবে নগরের বেসরকারি হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমেছে বলে জানা গেছে। নগরের ম্যাক্স, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতাল শয্যাসংকট কাটিয়ে উঠেছে।
পার্কভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ৮০টি সাধারণ শয্যার মধ্যে এখন রোগী আছেন ৫২ জন। তবে আইসিইউতে শয্যা খালি নেই।
সংক্রমণ কমলেও সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জানতে চাইলে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, মানুষকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকায় আস্থা রাখতে হবে। টিকা নিতে হবে। একটা হার্ড ইমিউনিটি গড়ে উঠলে সংক্রমণ কমে যাবে।
স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকায় আস্থা রাখতে হবে। টিকা নিতে হবে। হার্ড ইমিউনিটি গড়ে উঠলে সংক্রমণ কমে যাবে।মাহফুজুর রহমান, সভাপতি, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি।
এদিকে আজ সোমবার থেকে নগরে পুনরায় টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন কেন্দ্রে করোনার মডার্নার টিকাদান বন্ধ ছিল। তখন কেবল অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম চালানো হয়।
গত শনিবার রাতে চট্টগ্রামে টিকা এসে পৌঁছানোর পর নতুন করে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ টিকা আাসে। একই সঙ্গে সিনোফার্মের টিকা আসে ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ।
এবার নগরের ১১টি কেন্দ্রে প্রথম ডোজ হিসেবে দেওয়া হবে সিনোফার্মের টিকা। দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা দেওয়া হবে। নগরের জেনারেল হাসপাতাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার ও শনিবার যাঁদের টিকা দেওয়ার কথা ছিল, তাঁদের যথাক্রমে মঙ্গল ও বুধবার বেলা তিনটা থেকে টিকা দেওয়া হবে।
নগরের সিটি করপোরেশনের সদরঘাটের জেনারেল হাসপাতালে কাল মঙ্গলবার থেকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। এর পরিবর্তে প্রথম ডোজ দেওয়া হবে সিটি করপোরেশনের ফিরিঙ্গীবাজারের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে। তবে দ্বিতীয় ডোজ টিকা সদরঘাটের হাসপাতালে দেওয়া হবে।