সংক্রমণের কালে কাঁচাবাজার ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত। এই বিপর্যয়ের বিশেষ কিছু বিপত্তির কারণ আছে নগর এলাকায়। সামাজিক সংক্রমণ ঠেকানোই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ঘরে অবস্থানের জন্য সতর্কতামূলক নির্দেশনা আছে। সচেতন মানুষ তা মানতেও চায়। কিন্তু প্রয়োজনের তীব্র তাগিদে মানুষের পক্ষে একচেটিয়াভাবে গৃহবন্দী হয়ে থাকা কঠিন। বেশির ভাগ ক্ষেত্রে প্রয়োজনের তাগিদেই মানুষকে ঘর হতে বের হতে হচ্ছে। এ রকম একটি অসম্ভব প্রয়োজনীয় বিষয় দৈনন্দিনের বাজার-সদাই।

প্রথম দিকেই সংক্রমণের খবর প্রচারের সঙ্গে সঙ্গে উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিমণ্ডলের লোকেরা নানা ভবিষ্যৎ শঙ্কায় দীর্ঘমেয়াদি সময়ের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুত করে নিয়েছেন। তাদের সামর্থ্য আছে, তারা পারেন। কিন্তু আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে এ ধরনের দীর্ঘমেয়াদি মজুত করা অসম্ভব। তাদের অনেককেই দৈনিক ভিত্তিতে বাজার-সদাই করতে হয়। ফলে দেশের বড় একটি জনমণ্ডলী সংক্রমণের মারাত্মক ঝুঁকির ভেতরে আছে। এমন পরিস্থিতি একটি উভয়সংকটের জন্ম দিয়েছে। তারা ঘরে বসে থাকলে নিত্যপণ্যের সংকটে পড়বেন। আর বের হলে পড়বেন করোনার ঝুঁকিতে। এ অবস্থার একটি সমাধান জরুরি।

ইতিমধ্যে কিছু কিছু সমাধান অবশ্য চলে এসেছে। শহর এলাকায় বিকল্প নানা ব্যবস্থাপনা আমাদের চোখে পড়বে। প্রথম বিকল্পটি হলো ঘরে বসে মোবাইল ফোনে বা ইন্টারনেটের হোম ডেলিভারির মাধ্যমে নিত্যপণ্য সংগ্রহ করা। দ্বিতীয় বিকল্প পাড়া, মহল্লা, অলিতে-গলিতে ভ্যানগাড়ি-ভিত্তিক ভ্রাম্যমাণ বাজার। তৃতীয় বিকল্প হলো কাঁচাবাজার স্থানান্তর। এখনো সেভাবে গোচরে আসেনি তেমন অন্য আরও কোনো ব্যবস্থাপনাও থাকতে পারে। এসব ব্যবস্থা ভালোই ফল দিচ্ছে। কিন্তু সুচিন্তিত পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুরো বিষয়টিকে পরিচালনা করা গেলে আমরা আরও ভালো ফল পেতে পারি।

হোম ডেলিভারিটি আছে মূলতই অবস্থাপন্নদের নাগালে। বৃহত্তর জনগোষ্ঠীর চাহিদা, প্রাপ্যতা ও ঝুঁকির দিকটি বিবেচনা করলে পাড়ায় পাড়ায় ভ্যানকেন্দ্রিক ভ্রাম্যমাণ কাঁচাবাজারকে একটি ভালো বিকল্প হিসেবে আমরা এই আপৎকালীন সময়ে ব্যবহার করতে পারি। এই ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতাসহ বৃহত্তর জনগোষ্ঠী নানাভাবে উপকৃত হতে পারে।

আমাদের প্রস্তাব, সিটি করপোরেশন ও পৌরসভা এ ধরনের পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ বাজার-ব্যবস্থা চালুর উদ্যোগ এবং পরিচালনার দায়িত্ব নিক। এর মূল কারণ শুধু বাজার পরিচালনাতেই নয়, দুর্যোগকালে বিকল্প ব্যবস্থা পরিচালনার জন্যও এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এ ছাড়া বাজার ব্যবস্থাপনার জন্য তাদের একটি শাখাও রয়েছে।

প্রথমত এর জন্য জন্য বিভিন্ন বাজার কমিটি, দোকানদার, ভ্যানচালক ও মালিকদের সমিতিকে সঙ্গে নিয়ে একটি যৌথ পরিষদ গঠন করে নগর কর্তৃপক্ষ উদ্যোগটি নিতে ও সক্রিয় করতে পারে। প্রয়োজনে তাদের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটিকেও যুক্ত করা যেতে পারে। দ্বিতীয়ত, প্রত্যেকটি কাঁচাবাজারের সেবা এলাকার সীমানা চিহ্নিত করা এবং পণ্যভিত্তিক প্রয়োজনীয় ভ্যানসংখ্যা নির্ধারণ ও বরাদ্দ করার প্রয়োজন পড়বে। শাক-সবজি, মাছ-মাংস, ডিম, ফল এবং মুদিদোকানের সদাই-সবই এর অন্তর্ভুক্ত হবে। তৃতীয়ত, প্রত্যেকটি ভ্যানের আওতাধীন এলাকা চিহ্নিত করতে হবে, যাতে বিতরণব্যবস্থাটি সুষম হয়। চতুর্থত, নগর কর্তৃপক্ষের সদর কার্যালয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ এবং কমিশনারদের কার্যালয়ে উপনিয়ন্ত্রন কক্ষ স্থাপন করার দরকার পড়বে। সম্পূর্ণ কার্যক্রমটি মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে পরিচালনা করা সম্ভব।

আমাদের ধারণা, এ ধরনের উদ্যোগ নিতে পারলে আমরা অনেকখানি গুছিয়ে ও সুষ্ঠুভাবে কাঁচাবাজারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। আবার মানুষকে ঝুঁকিমুক্তও রাখতে পারব। তা ছাড়া এ রকম ব্যবস্থা নিতে পারলে দোকানদার, জোগানদার, ভ্যানচালক ও মালিকসহ বহু লোক উপকৃত হবেন। খুবই সীমিত আকারে অর্থনীতির চাকা সামান্য গতিশীল থাকবে।

এই উদ্যোগে সবচেয়ে বেশি জরুরি সমন্বিত ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির সহায়তা। এলোমেলো ও অগোছালো ব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ কমাবে না, বরং বাড়াবে।

সাইফ উল হক: ঢাকায় কর্মরত স্থপতি