সকালে উঠে দেখেন পা অসাড়, হাঁটতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮ বছর বয়সী যুবকটির মৃদু উপসর্গ ছাড়া আর কোনো লক্ষণই ছিল না। বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সংক্রমণ শনাক্ত হওয়ার ১০ দিন পর হঠাৎ এক সকালে ঘুম ভেঙে তিনি লক্ষ করলেন, তাঁর পা দুটো অসাড় আর ঠাণ্ডা হয়ে গেছে। হাঁটতে পারছিলেন না তিনি।

কথাগুলো বলেছেন নিউইয়র্কের ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার হেলথ নেটওয়ার্কের গুড সামারিটান হসপিটালের ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান শন ওয়েঙ্গার্টার। তিনিসহ যুক্তরাষ্ট্রের অন্য চিকিৎসকেরাও বলছেন, করোনাভাইরাস শুধু শ্বাসতন্ত্রেই নয়, পুরো শরীরেই আক্রমণ করছে।

ভাস্কুলার সার্জন ওয়েঙ্গার্টার বলেন, করোনাভাইরাসের সংক্রমণের পর বেশ কিছু রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যা লক্ষ করেছেন তাঁরা। ৩৮ বছর বয়সী ওই রোগীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তাঁর শরীরের মূল ধমনি কোমরের দিকে যেখানে দুই ভাগে বিভক্ত হয়ে দুই পায়ে ঢুকেছে, সেখানে রক্ত জমাট বেঁধে রক্ত সংবহন বাধাগ্রস্ত হচ্ছিল। দ্রুত বিষয়টি শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ায় তিনি এ যাত্রায় বেঁচে গেছেন।

শন ওয়েঙ্গার্টার বলেন, এ ধরনের সমস্যা মৃত্যুও ডেকে আনতে পারে। কিন্তু ৩৮ বছর বয়সী একজন মানুষের ক্ষেত্রে এ সমস্যাটা অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, শুধু এ ধরনের সমস্যাই নয়, করোনা রোগীদের মধ্যে আরও অনেক লক্ষণ দেখা যাচ্ছে। যেমন শরীরের যেকোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হচ্ছে। কোনো কোনো রোগীর কিডনি অকার্যকর হয়ে পড়ছে, হৃদ্‌যন্ত্রে প্রদাহও দেখা গেছে কারও কারও। এমনকি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাতেও জটিলতা দেখা দিয়েছে কোনো কোনো রোগীর।

এ বিষয়ে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কলেজ অব মেডিসিনের সহকারী অধ্যাপক স্কট ব্রাকেনরিজ বলেন, একটা বিষয় যেমন আগ্রহোদ্দীপক, তেমনি ভীতিকরও যে করোনার সংক্রমণের প্রকাশ ঘটছে নানাভাবে। এতে একাধিক অঙ্গ অকার্যকর হয়ে মৃত্যুও ঘটছে। মনে হচ্ছে, ভাইরাসটি শুধু শ্বাসতন্ত্র নয়, শরীরের অন্য অঙ্গেও সরাসরি আক্রমণ করছে।

এর সম্ভাব্য জবাবও অবশ্য দিয়েছেন চিকিৎসক শন ওয়েঙ্গার্টার। তিনি বলেন, রোগীদের পর্যবেক্ষণ করে যা মনে হচ্ছে, ভাইরাসের সংক্রমণে শরীরে প্রদাহজিনত একধরনের প্রতিক্রিয়া হচ্ছে। ধমনির ওপর ভাইরাসটির সংক্রমণের সরাসরি প্রভাব থাকায় সম্ভবত এসব সমস্যা হচ্ছে।