সবচেয়ে বেশি টিকা ঢাকায়, কম পেয়েছে বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

করোনা প্রতিরোধে টিকা নেওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবচেয়ে কম টিকা দেওয়া হয়েছে বরিশাল বিভাগে। এদিকে দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগেই।

ঢাকা বিভাগের ১৩টি জেলায় এখন পর্যন্ত ৫ লাখ ৮৮ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮৯ জনের। দেশের মোট মৃত্যুর ৫৩ দশমিক ২৯ শতাংশ হয়েছে এই বিভাগে। এর বড় অংশ হয়েছে রাজধানীতে।

টিকা দেওয়ার ক্ষেত্রেও ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর অনেক এগিয়ে। এখন পর্যন্ত দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পূর্ণ দুই ডোজ টিকা পেয়েছেন ৪২ লাখ ৮৩ হাজার ৮৪২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে টিকা পেয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৬৪৮ জন। অর্থাৎ পূর্ণ দুই ডোজের ৩৫ শতাংশ টিকা দেওয়া হয়েছে ঢাকা বিভাগে। আর ঢাকা মহানগরে টিকা পেয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ১৪৭ জন। অর্থাৎ পূর্ণ দুই ডোজের ২০ শতাংশ পেয়েছেন ঢাকা শহরের মানুষ। করোনায় মোট মৃত্যুর ৩৯ শতাংশ হয়েছে এই শহরে।

অপরদিকে দেশের আট বিভাগের মধ্যে পূর্ণ ডোজ টিকা সবচেয়ে কম দেওয়া হয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগের ছয় জেলায় দুই ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৩৩৭ জন। এখানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয় ১৬ হাজার ৮৬৮ জনের। আর করোনা শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১৪ জনের।

টিকা বেশি দেওয়ার পরও ঢাকায় সংক্রমণ ও মৃত্যু বেশি হওয়ার কারণ হিসেবে রাজধানীর জনঘনত্ব বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদেরা। ঢাকা মহানগর এলাকায় প্রায় ২ কোটি মানুষের বাস। ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা জেলার চার উপজেলায় সংক্রমণ তুলনামূলকভাবে কম। এই উপজেলাগুলো হলো ধামরাই, সাভার, নবাবগঞ্জ ও দোহার। চার উপজেলার মধ্যে সাভারে সংক্রমণ কিছুটা বেশি।

ঢাকা শহর ছাড়াও গাজীপুর ও নারায়ণগঞ্জে জনঘনত্ব অনেক বেশি। মহামারির শুরু থেকে সংক্রমণের হারও গাজীপুর ও নারায়ণগঞ্জে অনেক বেশি দেখা গেছে। এ পর্যন্ত নারায়ণগঞ্জে ৮৭ হাজার ২২৯ জনকে পূর্ণ দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ৪৫৭ জনের। অন্যদিকে গাজীপুরে পূর্ণ দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ৯৬ হাজার ৪১৬ জনকে। এই জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের।

ঢাকার পরে বেশি টিকা পেয়েছেন চট্টগ্রাম বিভাগের মানুষ। এখানে পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৬১৮১ জন। মৃত্যুও ঢাকার পরই এই বিভাগে সবচেয়ে বেশি ২ হাজার ৬৭০ জনের।

এরপর মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ১ হাজার ১৩৩ জনের। এই বিভাগে দুই ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৪৭৫ জন।

দুই টিকা গ্রহীতার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগে পূর্ণ ডোজ টিকা পেয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭৯৭ জন। ওই বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৯৬১ জনের।

এ ছাড়া সিলেট বিভাগে ২ লাখ ১৮ হাজার ৬৭২ জন পূর্ণ ডোজ টিকা পেয়েছেন। রংপুরে দুই ডোজ টিকা পেয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৫ জন। ময়মনসিংহে দুই ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৪০ জন।