সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্পের তড়িঘড়ি প্রেস ব্রিফিং ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ মে সোমবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি–রয়টার্স
১১ মে সোমবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি–রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তড়িঘড়ি করে প্রেস ব্রিফিং শেষ করেছেন। ১১ মে সোমবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, করোনাভাইরাস পরীক্ষায় বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে আছে।

সিবিএস নিউজের সাংবাদিক উয়েজা জিয়াং প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে যখন ৮০ হাজারের বেশি লোক মারা গেছে, তখন করোনার পরীক্ষাকে কেন বিশ্বের সঙ্গে প্রেসিডেন্ট তুলনা করছেন? এতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হয়ে সাংবাদিক জিয়াংকে বলেন, ‘এটা চীনকে জিজ্ঞাসা করো, আমাকে নয়।’

চীনকে জিজ্ঞেস করো বলার পর সাংবাদিক জিয়াং ফলোআপ প্রশ্ন রাখতে গেলে ট্রাম্প সিএনএনের সাংবাদিক কেইটলিন কলিন্সকে প্রশ্ন করার আহ্বান জানিয়ে আর অপেক্ষা করেননি। প্রেস ব্রিফিং শেষ করে পোডিয়াম ত্যাগ করেন।

এশীয় বংশোদ্ভূত সাংবাদিক জিয়াং চীনে জন্ম নিলেও দুই বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রে আছেন এবং বর্তমানে প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএসে কাজ করছেন।