সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু
পাঁচ দিন ধরে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু কম থাকার পর গত ২৪ ঘণ্টায় আবার সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আগস্টের প্রথম ১৩ দিনে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪৪ জনের মৃত্যু হলো। একই সময়ে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত জেলায় ৩২৪ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৫ দশমিক ৭৪ শতাংশ।
চলতি আগস্টে শনাক্তের হার তুলনামূকভাবে কমেছে। ১ আগস্ট ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬১। এর আগে জুনে শনাক্ত ৫০ থেকে ৬০ শতাংশ ছিল। জুলাইয়ে শনাক্ত কিছুটা কমে ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
এদিকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে ৬৮৯ জন মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমে ১ থেকে ৩ জন হয়েছিল। তবে হঠাৎ করে আজ সাতজনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে জুনে করোনার উপসর্গ নিয়ে ১২৬ জন ও করোনায় ১৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে করোনার উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় ৮ জন মারা গেছেন।
কুদরত-ই-খোদা বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। জুন থেকে জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত হাসপাতালে ২৫০ থেকে ২৮৫ জন রোগী ভর্তি ছিলেন। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে রোগীর সংখ্যা কমতে শুরু করে। আজ সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন ১৪৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ১০ জন ও বাকি ১৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তির পাশাপাশি ৩০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।