সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৬০০ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৬০০ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৫ দিনে এই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৫ শতাংশ। চলতি মাসে শনাক্তের হার তুলনামূলকভাবে কমতে শুরু করেছে। ১ আগস্ট জেলায় ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬১ শতাংশ। গত জুন মাসে শনাক্তের হার ৫০ থেকে ৬০-এর ঘরে ওঠানামা করেছে। জুলাই মাসে শনাক্তের হার ২৫ থেকে ৩৫ হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুন মাসে করোনার উপসর্গ নিয়ে ১২৬ জন ও করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। এরপর জুলাই মাসে করোনার উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আটজনের মৃত্যু হয়। আর চলতি মাসের ১৫ দিনে করোনার উপসর্গ নিয়ে ৫৫ জন ও করেনায় একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৬০০ জন আর করোনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমে ১ থেকে ৩ জনের মধ্যে ছিল। হঠাৎ গত শুক্রবার করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। পরদিন শনিবার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এরপর আজ আবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন।
কুদরত-ই-খোদা বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা অনেক কমে এসেছে। জুন থেকে জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৫০ থেকে ২৮০ জন। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে রোগী কমতে শুরু। আজ সকাল পর্যন্ত ১৪৯ জন রোগী এ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭ জন। বাকি ১৪২ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।