সিলেট বিভাগে করোনা শনাক্তের হার কমেছে, মৃত্যু ১৩
সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের হার কমেছে। এর আগে টানা ১৯ দিন শনাক্তের হারের ঊর্ধ্বগতির পর গত মঙ্গলবার কমে ২৮ দশমিক ৭২-এ নেমে এসেছিল। এরপর শনাক্তের হার ৩০–এর ওপরে ছিল। এর তিন দিন পর গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষায় ৪৬০ জনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৭১।
একই সময়ে করোনায় বিভাগে মারা গেছেন ১৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১২ জন ও মৌলভীবাজারের একজন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৯১২ জনের। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩১১ জন, সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ৬৫ জন ও মৌলভীবাজারের ৫২ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৯১২। এর মধ্যে সিলেটের বাসিন্দা ৩০ হাজার ৪০৩ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৬৩২ জন, হবিগঞ্জের ৫ হাজার ৮৬১ জন ও মৌলভীবাজারের ৭ হাজার ১৬ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৭৭। এর মধ্যে ৪৫৩ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ৩২ জন। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি করোনার টিকা নিতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান।