সিলেট বিভাগে ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার, মৃত্যু ১৭
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৭২। এর আগে গত ২২ জুলাই শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৪৪। এর পর থেকে টানা ১৯ দিন ধরে শনাক্তের হার ৩০–এর ওপরে ছিল। এর মধ্যে ২ আগস্ট শনাক্তের হার সর্বোচ্চ ৪৩ দশমিক ৬৫ শনাক্ত করা হয়েছিল। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ ১৫ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের ১ জন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে ৮২২ জনের করোনায় মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৬৫৮ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন ও মৌলভীবাজারে ৬৫ জন মারা গেছেন।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১৭ জন, সুনামগঞ্জে ১০৫ জন, হবিগঞ্জে ১০১ জন ও মৌলভীবাজার জেলায় ৬৭ জন আছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৪৫৪।
এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮ হাজার ৮০৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া বাকিদের মধ্যে সুনামগঞ্জের বাসিন্দা ৫ হাজার ৪১২ জন, হবিগঞ্জের ৫ হাজার ৬২৩ জন ও মৌলভীবাজারের ৬ হাজার ৬১৬ জন। এদিকে গত এক দিনে নতুন করে ৩০৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৮৩৭।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০২। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৬ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ৩৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। করোনার টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বিকল্প নেই।