সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ১ হাজার ৭৫ জন করোনায় মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২০ শতাংশ। এখন পর্যন্ত বিভাগে মোট ৫২ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৪ জন আছেন। এ ছাড়া মৌলভীবাজারে ১৮, সুনামগঞ্জে ৫ ও হবিগঞ্জে ২ জন শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনই সিলেট জেলার বাসিন্দা।

এখন পর্যন্ত বিভাগে মোট ৫২ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা আছেন সর্বোচ্চ ৩২ হাজার ৬৭৩, সুনামগঞ্জের ৬ হাজার ৯০, হবিগঞ্জের ৬ হাজার ৪৫৭ ও মৌলভীবাজারের ৭ হাজার ৭৬৩ জন।

এদিকে বিভাগে এখন পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৭৫ জনের মধ্যে সিলেট জেলায় ৮৮৫, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ৭২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৭৯৮ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত জুনের শেষ দিক থেকে বিভাগে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। ওই সময় শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে ছিল। এর মধ্যে গত ২ আগস্ট সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৬৫ শতাংশ। তবে কয়েক দিন ধরে সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৬। করোনার সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান তিনি।