সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের
সিলেট বিভাগে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় মারা গেছেন একজন। ওই ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মোট ৩৭৩ জনের মৃত্যু হলো। আর বিভাগে মোট করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩৩৯।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার রয়েছেন ৫৬ জন, সুনামগঞ্জের ৮ ও হবিগঞ্জের ১ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থ হলেন ২০ হাজার ১৩২ জন। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৯ জন, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন। এই সময়ে মৌলভীবাজার জেলায় কেউ শনাক্ত হননি। সিলেট জেলায় এ পর্যন্ত করোনার সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৬০, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ ও মৌলভীবাজারে ২ হাজার ৩৬০ জন।
বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলায় মারা গেছেন ২৮ জন, হবিগঞ্জে ১৮ এবং মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ২০৯ জন এখনো চিকিৎসাধীন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, করোনার সংক্রমণ সিলেটে কিছুটা নিম্নমুখী হলেও সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঈদে বাড়িফেরা এবং কেনাকাটায় স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান তিনি।