সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল
সিলেট বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে এ নিয়ে ১ হাজার ৫ জন করোনায় মারা গেলেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২৯। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫১ হাজার ৬২৫ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত বছরের ১৪ জুলাই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। এর পর থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১২৩ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজারের ৩২ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬২৫। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৩১ হাজার ৯০৪ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৫ হাজার ৯৬৭ জন, হবিগঞ্জের বাসিন্দা ৬ হাজার ২০৫ জন ও মৌলভীবাজারের বাসিন্দা ৭ হাজার ৫৪৯ জন।
শেষ ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে মারা গেছেন ৯ জন। সব মিলে এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৮২০ জন, সুনামগঞ্জের ৬৯ জন, হবিগঞ্জের ৪৬ জন ও মৌলভীবাজারের ৭০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৫৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৭। এর মধ্যে ৩০৬ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ২২ জন।