সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে তিনজন মারা গেছেন। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১১৪ জনের করোনায় মৃত্যু হলো। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ১০ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৮।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তির মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭১ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৬৮৬। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ৩৩ হাজার ৫৫, সুনামগঞ্জের ৬ হাজার ১৮০, হবিগঞ্জের ৬ হাজার ৫৫০ ও মৌলভীবাজারের ৭ হাজার ৯০১ জন।

এদিকে বিভাগে মোট মারা যাওয়া ১ হাজার ১১৪ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৯১৩, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজার জেলায় ৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ৪৫ হাজার ৮২১ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত জুনের শেষের দিকে বিভাগে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। ওই সময় শনাক্তের হার ৩০–এর ওপর ছিল। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ কমতে শুরু করেছে। এর মধ্যে গত ৩১ আগস্ট থেকে সংক্রমণের হার ১০-এর কোঠায় নেমে এসেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩৮। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৭, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ১০ জন চিকিৎসাধীন।

করোনার সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান হিমাংশু লাল রায়।