সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৭০২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৮০৫ জনের করোনায় মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৭০২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত বিভা‌গে ২ হাজার ১৩৯ জনের নমুনা নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশ‌মিক ৮২ শতাংশ। বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪২৯ জন আছেন।

এ ছাড়া সুনামগঞ্জে ৮৬ জন, হবিগঞ্জে ৮১ জন ও মৌলভীবাজার জেলায় ১০৬ জন শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৩০।

এখন পর্যন্ত বিভাগে মোট ৪৫ হাজার ৮৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ২৮ হাজার ৪৮৬ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৩০৭ জন, হবিগঞ্জের ৫ হাজার ৫২২ জন ও মৌলভীবাজারের ৬ হাজার ৫৪৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে আছেন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৩৯ জন ও মৌলভীবাজারে ৬৪ জন মারা গেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭৮। এর মধ্যে সিলেট জেলায় ৩৩০ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। করোনার টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বিকল্প নেই।