সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চার শ ছাড়িয়েছে। চলতি মাসে এক দিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
এর আগে ৩ মে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যুর তথ্য দিয়েছিল সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ১ মে থেকে আজ পর্যন্ত ২৯ দিনে সিলেট বিভাগে করোনায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪০৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ নিয়ে বিভাগে মোট সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৪৬১ জন।
আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৪৬১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭ জন ও মৌলভীবাজার জেলার ৫ জন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ১৫৫ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৯৪ জনের মধ্যে ৫৬ জন সিলেট জেলার বাসিন্দা, ৫ জন সুনামগঞ্জের, ৯ জন হবিগঞ্জের ও ২৪ জন মৌলভীবাজারের বাসিন্দা।
বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৬৮১ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ ও মৌলভীবাজারে ২ হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ২৪৪ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ২২৯, সুনামগঞ্জ জেলায় ৫ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে জলায় ৫ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৯৪ জনের। তিনি করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।