সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৬
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৭৮। এদিকে গত এক দিনে বিভাগে নতুন করে ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটের ছয়জন ও হবিগঞ্জের একজন। এর আগের দিন বিভাগে সর্বোচ্চ ১২ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছিল। বিভাগে মোট মারা যাওয়া ৫৭৮ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৬৫ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ৪৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৩৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৮৪ শতাংশ। বিভাগে নতুন শনাক্ত ৪৮৬ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন সর্বোচ্চ ২৮১ জন। বাকি ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৫৭ ও মৌলভীবাজারে ১০৭ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে বিভাগে মোট ৩৩ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ২৬ হাজার ৭৫১।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪৩। এর মধ্যে সিলেটে ৩০৭, সুনামগঞ্জে ৪৫, হবিগঞ্জে ৬০ ও মৌলভীবাজারে ৩১ জন চিকিৎসাধীন।