স্বামীর ৪ ঘণ্টা পর মারা যাওয়া স্ত্রীও করোনা পজিটিভ ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণে স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর শ্বাসকষ্টে মারা যাওয়া স্ত্রী আম্বিয়া খাতুনের (৫২) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া তাঁদের মেয়ে, গৃহকর্মী ও গৃহকর্মীর ছেলেও করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমি মানুষের সংখ্যা দাঁড়াল ৫৩৪। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৪ জন, মারা গেছেন ১২ জন।

গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।

করোনায় মারা যাওয়া আম্বিয়া খাতুনের স্বামীর নাম মো. রফিকুর রহমান (৬৩)। গতকাল রফিকুর ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে আর আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান। তাঁরা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা। করোনায় একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা জেলায় এটিই প্রথম।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য গত সোমবার আম্বিয়া খাতুন ও তাঁর পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে আম্বিয়া, তাঁর মেয়ে (৩২), গৃহকর্মী (৩২) ও গৃহকর্মীর ছেলের (১২) করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে এই তিনজন বাসায় আইসোলেশনে আছেন।

জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, চলতি শীত মৌসুমে শেরপুরে করোনার বিস্তার বেড়েছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর আট মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৪। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার অনুরোধ জানান।

গতকাল পর্যন্ত জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদরে ২৬২ জন, নকলায় ৯০, নালিতাবাড়ীতে ৯০, ঝিনাইগাতীতে ৪৪ ও শ্রীবরদী উপজেলায় ৪৮ জন আছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৪ জন চিকিৎসকসহ ৬৯ জন স্বাস্থ্যকর্মী।