হয় এখনই, নয়তো কখনো নয়

নজিরবিহীন মহামারিতে আক্রান্ত এই বিশ্বকে দ্রুত সারিয়ে তুলতে এ সপ্তাহেই চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি এবং সুশীল সমাজসহ সর্বস্তরের নেতারা একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন। তাঁরা কোভিড-১৯ ভাইরাসের হানা প্রতিহত করার এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া জনস্বাস্থ্য ও অর্থনীতিকে একটি সুস্থির জায়গায় আনার জন্য সবার তরফ থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
২০০৮ সালের বৈশ্বিক মন্দার সময় জি-২০ নেতারা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। এর আগেও সুনামি, গৃহযুদ্ধ কিংবা মহামারির সময় বিভিন্ন রাষ্ট্রের জোট সংগঠন জরুরি সম্মেলন করে পরিস্থিতি মোকাবিলার জন্য তহবিল প্রতিষ্ঠা করেছে। আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা দুটো জিনিস চাই। একটি হলো আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম সমন্বয় করার জন্য জি-২০–এর একটি কার্যকর টাস্কফোর্স। অন্যটি হলো দাতাদের একটি জরুরি সম্মেলন, যাতে প্রয়োজনীয় তহবিল এখনই গঠন করা যেতে পারে।
এক দশক আগে যখন পুঁজিবাদের আওতাধীন বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা জোরালোভাবে প্রতিষ্ঠিত ছিল, তখন যেকোনো অর্থনৈতিক সংকটকে দ্রুত সামাল দেওয়া যেত। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এখন দেখা যাচ্ছে জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত অর্থনৈতিক সংকট কাটার আশা নেই। আবার সব দেশ থেকে করোনার প্রকোপ না কমা পর্যন্ত জরুরি স্বাস্থ্য পরিস্থিতি উঠিয়ে দেওয়ারও সম্ভাবনা নেই। এটি একমাত্র তখনই সম্ভব হবে যখন সব দেশ কোভিড-১৯–এর কবল থেকে মুক্তি পাবে এবং এই ভাইরাসের পুনরায় ফিরে আসা ঠেকানোর শতভাগ নিশ্চয়তা প্রতিষ্ঠিত হবে।
সব দেশেই, এমনকি অভিজাত ও ধনী সমাজেও করোনার সঙ্গে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা কুলিয়ে উঠতে পারছে না। এসব সমাজে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সচেতনতা ও হোম কোয়ারেন্টিনে থাকার আর্থিক সক্ষমতা বেশি। এসব সমাজে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ-সুবিধা বেশি। কিন্তু আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে সে তুলনায় স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি ও সুযোগ কম। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন। ফলে এখনই এসব অঞ্চলের দিকে নজর না দিলে সেখানে ভয়াবহ বিপর্যয় নামবেই। সেই বিপর্যয় থেকে বাকি বিশ্বের কেউ রেহাই পাবে না।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা। সেটি হলো যত দ্রুত সম্ভব জনস্বাস্থ্য, গবেষণা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত তহবিল সরবরাহ করা। বিশ্বনেতাদের দেরি না করে প্রাথমিকভাবে ৮০০ কোটি ডলারের সহায়তার অঙ্গীকার করতে হবে। এর মধ্যে জরুরি ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০০ কোটি ডলার সহায়তা দিতে হবে।
রোগ শনাক্তের যন্ত্রপাতি, থেরাপি প্রযুক্তি ও ভ্যাকসিনের জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার।
এই মহামারি কোনো সুনির্দিষ্ট দেশের গণ্ডিরেখায় আবদ্ধ নয়। এটি পুরো সীমান্ত অতিক্রম করে গেছে। ফলে বৈশ্বিক মহামারিকে স্থানীয় বিপর্যয় হিসেবে দেখা কারও পক্ষেই মঙ্গলজনক হবে না।
এ মুহূর্তে সবচেয়ে দরকারি হলো ভেন্টিলেটর ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই। এই দুটি জিনিস জরুরি ভিত্তিতে ব্যাপক হারে উৎপাদন ও সংক্রমণের শিকার হওয়া এলাকায় যত দ্রুত সম্ভব পাঠানো দরকার। ভ্যাকসিন তৈরি হয়ে গেলে গ্যাভির মতো আন্তর্জাতিক ভ্যাকসিন সরবরাহকারী সংগঠনের মাধ্যমে তা বিশেষ করে গরিব দেশগুলোতে দ্রুত পৌঁছে দিতে হবে।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষণা বলছে, ঠিক সময়ে চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করা না গেলে এশিয়ায় ৯ লাখ এবং আফ্রিকায় ৩ লাখ লোক মারা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রায় ৩০ শতাংশ দেশেরই করোনাভাইরাস মোকাবিলা করার প্রাথমিক প্রস্তুতি কিংবা কার্যকর কোনো পরিকল্পনাই নেই। এসব দেশের বহু মানুষ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর জীবনযাপন থেকে বঞ্চিত।
জরুরি তহবিল গঠন করে দরিদ্র দেশগুলোকে বিশেষ অর্থনৈতিক সহায়তা দিতে হবে। আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কিছুটা হলেও হালকা করতে হবে।
ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
এরিক বার্গলফ: ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক মুখ্য অর্থনীতিবিদ
গর্ডন ব্রাউন: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী
জেরেমি ফারার: অক্সফোর্ড ইউনিভার্সিটির ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক