২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের হার কমে ২.৭৯%
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৩৫ জনের। আর সুস্থ হয়েছেন ৫০৭ জন।
আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করে ৪৩৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৭৯। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৮২ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন এটা কমের দিকে।
এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি। সেই হিসেবে আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩।