'আশা ছিল আরও দ্রুত পরিস্থিতির উন্নতি হবে'

করোনাভাইরাসের কারণে পরিস্থিতি যত দ্রুততার সঙ্গে খারাপ হয়েছিল, তত দ্রুততার সঙ্গে তা ভালো হচ্ছে না। নিউইয়র্ক অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো।
নিউইয়র্কে করোনাভাইরাসে এরই মধ্যে নিশ্চিত ২০ হাজারের বেশি লোক মারা গেছে। গত বৃহস্পতিবার আরও ২৩১ জনের নাম এ মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। নিউইয়র্ক নগরীতেই এখন করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অঙ্গরাজ্যের ভাড়া বকেয়া রাখা সব ধরনের ভাড়াটের উচ্ছেদ কার্যক্রম ২০ আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছেন। গতকাল দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জুন মাস পর্যন্ত ভাড়াটেদের উচ্ছেদ না করার নির্বাহী আদেশ দেওয়া হয়েছিল। বাস্তবতার পরিপ্রেক্ষিতে তা বর্ধিত করে নতুন এ নির্বাহী আদেশ জারি করা হয়েছে।
নির্বাহী আদেশে বলা হয়, ২০ আগস্ট সময়ের মধ্যে ভাড়া না দেওয়ার কারণে কোনো আবাসিক বা বাণিজ্যিক ভাড়াটেকে কেউ উচ্ছেদ করতে পারবে না, এমনকি বিলম্ব ফি আরোপ বা আদালতে উচ্ছেদের আবেদন করতে পারবে না।
গভর্নর কুমোর এ নির্বাহী আদেশে ভাড়াটে বা বাড়ির মালিক, কোনো পক্ষকেই সন্তুষ্ট দেখা যায়নি। ভাড়াটেদের অসন্তোষের কারণ, আগস্ট মাস পর্যন্ত ভাড়া না দিলে জমানো সব ভাড়া একসঙ্গে গুনতে হবে বলে। আর বাড়ির মালিকদের অসন্তোষের কারণ সহজেই অনুমেয়। অনেক বাড়ির মালিকই বাসা ভাড়া দিয়ে নিজের ব্যয় সামাল দেন। গভর্নরের আহ্বানে ভাড়া বকেয়া পড়ার কারণে ক্ষুদ্র বাড়িওয়ালারা বিপাকে পড়বেন। অনেকেরই মর্টগেজ, ট্যাক্সসহ অন্যান্য বিল পরিশোধ করতে হবে। কোথাও কোনো কিছু মওকুফ করা হচ্ছে না।
ভাড়াটে ও বাড়িওয়ালারা মনে করছেন, সত্যিকারের সাহায্য হতে পারে ভাড়া মওকুফ এবং মর্টগেজ মওকুফের কোনো সরাসরি প্রণোদনার মাধ্যমে। তা না হওয়া পর্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা থাকছেই। একদিকে কর্মহীন লোকজনের বাসা ভাড়া দেওয়ার চিন্তা, অন্যদিকে বাড়িওয়ালাদের বিল পরিশোধের উৎকণ্ঠা, দুই-ই থাকছে।
প্রেস ব্রিফিংয়ে সার্বিকভাবে করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে উল্লেখ করে গভর্নর কুমো বলেন, পাহাড়ের ওপরের দিকে আমরা যত দ্রুত উঠেছিলাম, নামাটা তত দ্রুত হচ্ছে না। তিনি বলেন, আমাদের আশা ছিল আরও দ্রুত নাজুক পরিস্থিতির অবসান হবে; কিন্তু তা হচ্ছে না।
এদিকে নিউইয়র্ক নগরীতে বিনা মূল্যে করোনাভাইরাস টেস্টিং সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও। আসছে সপ্তাহের মধ্যে মোট ২ লাখ ৮০ হাজার অ্যান্টিবডি টেস্ট করা হবে। নগরীর পাঁচটি বরোর বিভিন্ন এলাকায় এসব টেস্ট সহজেই করানো যাচ্ছে। প্রতিটি কেন্দ্রে দিনে এক হাজার টেস্ট করা হচ্ছে এখন। নমুনা গ্রহণের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল জানা যাচ্ছে। আজ শুক্রবার টেস্টের জন্য আলাদা হটলাইন চালু করা হবে। হটলাইনে ফোন করে টেস্টের জন্য নাম তালিকাভুক্ত করা যাবে বলে মেয়র ডি ব্লাজিও গতকাল জানিয়েছেন।