'করোনা রোগীর শ্বাসকষ্ট দেখলে মানুষ ঘরে থাকত'

নিউইয়র্ক নগরীর ব্রঙ্কস এলাকা। জ্যাক ডি ওয়েইলার হাসপাতালের জরুরি বিভাগ। কক্ষটি ঠাসা করোনায় আক্রান্ত রোগীতে। স্বাভাবিকের চেয়ে তিন গুণ ভিড়। অক্সিজেন মাস্কের ওপর দিয়ে দেখা যায় ভয়ার্ত চোখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানুষের। এ যেন ডুবে যাওয়ার অনুভূতি। কারও স্বজনদের প্রবেশের অনুমতি নেই সেখানে। হয়তো আর কখনো দেখা পাবেন না স্বজনেরা। বাতাসে আতঙ্ক, ব্যথা, একাকিত্বের হাহাকার।
৩১ থেকে ৯৭ বছর বয়সী ৮০ জন করোনা রোগী এ রুমে ঠাসা। শয্যা একটার সঙ্গে আরেকটা প্রায় লেগে আছে। এক কোনায় কয়েকটি চেয়ার লাগানো। সেখানে বসে আছে নতুন আসা আরও কয়েকজন। তাঁরাও করোনাভাইরাসে আক্রান্ত। আতঙ্ক আর অনিশ্চয়তা সবার চোখে। স্ট্রেচারের অপেক্ষায় এদিক-ওদিক তাকাচ্ছেন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরে আছেন। এক শয্যা থেকে আরেকটিতে দৌড়াচ্ছেন। সহকর্মীদের পরস্পরকে চেনার উপায় নেই। সত্যি বলতে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভীতসন্ত্রস্ত। অতিমাত্রায় ক্লান্ত। দীর্ঘ সময় নির্ঘুম থেকে চোখ টলটলায়মান।
ডা. নিকোল ভেলি জানান, তিনি আর নিতে পারছিলেন না। ৩০ বছরের করোনা-আক্রান্ত যে নারীর তিনি চিকিৎসা করছেন, তাঁর ২৩ বছরের বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এইমাত্র মারা যান। ডা. ভেলি তখনই তাঁর নিজের ছোট বোনকে ফোন করেন। ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেন।
ডা. ভেলি বলেন, তিনি সারা দিন তাঁর কাজে পেশাগত রীতি অনুসরণ করেন। নাকে অক্সিজেন টিউব লাগানোর আগে রোগীর হাত ধরেন। পরে বাসায় গিয়ে কাঁদেন তিনি।
পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো এমন ঘটেনি। বৈশ্বিক মহামারি কালে চিকিৎসাব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে।
ব্রঙ্কসের করোনা উপদ্রুত দুটি উপচে পড়া হাসপাতাল জেক ডি ওয়েইলার ও মন্টিফিওরের মোসেস ডিভিশন। অনুমতি নিয়ে একদিন এই দুটি হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে দেখার সুযোগ পান নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক। তাঁর সঙ্গে ছিলেন একজন ভিডিও সাংবাদিক।
তাঁদের প্রতিবেদনটি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। অনলাইনে ভিডিও বর্ণনাও প্রকাশিত হয়। যাতে আমেরিকানরা নতুন এই ভাইরাস সম্পর্কে জানতে পারেন। এতে সামাজিক দূরত্বের গুরুত্ব সম্পর্কে আমেরিকানদের উপলব্ধি হবে। মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে।
এমন মহামারির সময় কোনো সাংবাদিককে হাসপাতালের জরুরি বিভাগে পাওয়া এক বিরল বিষয়। নিউইয়র্ক টাইমসের নিকোলাস ক্রিস্টফ। দুদিন ছিলেন এই দুটি হাসপাতালে। তিনি বলেছেন, কোভিড-১৯ চিকিৎসায় জরুরি বিভাগে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে থেকে রিপোর্ট করা ইরাক যুদ্ধে বাগদাদে ন্যাটো জোট বাহিনীর সঙ্গে এম্বেডেড হওয়ার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
মন্টিফিওর হাসপাতালে কর্মরত ২৯ বছর বয়সী সহকারী ফিজিশিয়ান চেলসি গিফোর্ড। তিনি বলেন, ‘পেটের ভেতরটি মোচড় দিয়ে ওঠে, যখন রোগী বলেন তাঁরা আতঙ্কিত। এবং আমি জানি, এ ভাইরাসের কোনো চিকিৎসা নেই।’
নার্সিং হোম থেকে আগত এক রোগীর কথা উল্লেখ করে মিস গিফোর্ড বলেন, রোগীটি এসে বললেন, ‘আমার ভয় হচ্ছে। আমার কোভিড-১৯ হোক, এ আমি চাই না। আমি যে নার্সিং হোম থেকে এসেছি, সেখানে করোনাভাইরাসে মানুষ মরছে।’
মিস গিফোর্ড বলেন, ‘এই রোগীর হাত ধরি। তাঁর চোখে তাকিয়ে বলি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরা জানি, এটা ভয়ের। সাহায্য করার জন্য আমরা আছি এখানে।’
বাসায় গিয়ে ডা. গিফোর্ড ঘুমাতে পারেন না। নিজের জন্য ভয় নয়, তিনি তাঁর মা-বাবার সঙ্গে থাকেন। তাঁরা যদি আক্রান্ত হয়ে পড়েন, সে ভয়। অবশ্য তিনি আলাদা রুমে থাকেন। তাঁর খাবার প্লেট, সিলভার-ওয়ার আলাদা রাখেন। কথা বলেন দুজনের সঙ্গে। শুধু দরজার ওপর পাশ থেকে।
গিফোর্ড জানান, তিনি নিজেই গাড়ি চালিয়ে কাজে যান। এখনো রাস্তার পাশে, পার্কে মানুষ জড়ো হচ্ছে দেখে তাঁর ভয় বাড়ে। সামাজিক দূরত্ব মেনে চলার গুরুত্বকে মানুষ হালকা ভাবে নিচ্ছে।
ইনকিউবেটরে এক রোগীর দিকে ইঙ্গিত করে ডা. গিফোর্ড বলেন, মানুষ যদি রোগীর শ্বাস নেওয়ার এই কষ্ট দেখতে পেত, তাহলে বুঝতে পারত। তবে হয়তো মানুষ ঘরে থাকত।