'নিউইয়র্কের পথচলা আবার শুরু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত সংবাদ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক খোলার প্রথম দিনেই গভর্নর অ্যান্ড্রু কুমো মাস্ক পরে ট্রেনে করে ম্যানহাটনে পৌঁছান। ছবি: রয়টার্স
নিয়মিত সংবাদ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক খোলার প্রথম দিনেই গভর্নর অ্যান্ড্রু কুমো মাস্ক পরে ট্রেনে করে ম্যানহাটনে পৌঁছান। ছবি: রয়টার্স

করোনাভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে দেওয়া লকডাউনের কারণে অবরুদ্ধ হয়ে পড়া নিউইয়র্ক নগরী ৮ জুন খুলে দেওয়া হয়েছে। ওই দিন ব্রুকলিনের নেভি ইয়ার্ডে দাঁড়িয়ে নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন শুরু হলো। আজকের দিনে নিউইয়র্কের পথচলা আবার শুরু হলো।’

ব্রুকলিনের নেভি ইয়ার্ড যেন যুদ্ধকালীন স্থাপনা হয়ে উঠেছিল। করোনা মহামারির নাজুক সময়ে এ স্থাপনায় জরুরি ভিত্তিতে সার্জিক্যাল মাস্ক, গাউনসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী উৎপাদন করা হয়েছে। মেয়র ঘোষণা করেন, ‘নিউইয়র্কের সব মানুষের জন্য আজ গর্বের দিন। আমরা এ দিনটিতে আসতে পেরেছি। আজকের দিনটি উদ্‌যাপনের।’ মেয়র আরও বলেন, সবকিছু আবার দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে না। নতুন স্বাভাবিকতার মধ্য দিয়ে ব্যক্তিগত নিরাপত্তা ও অন্যকে নিরাপদ রাখার যাত্রা নিশ্চিত করে চলতে হচ্ছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত নগরী নিউইয়র্ক প্রায় তিন মাস লকডাউনের কারণে অবরুদ্ধ হয়ে ছিল। ওয়ার্ল্ডোমিটার বলছে, এই সময়ে নিউইয়র্ক নগরীতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩০ হাজার ৫১৬ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্কে কোভিড-১৯–এ সংক্রমিত হয়ে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনোদের বেশি মৃত্যু হয়েছে। নিম্ন আয়ের অনগ্রসর কমিউনিটির ব্যাপক মৃত্যু এ নগরীতে মানুষের আয় ও জীবনধারার বৈষম্যকে তুলে ধরেছে। করোনার করাল থাবায় বাংলাদেশিদের মতো উদীয়মান কমিউনিটির মধ্যেও মৃত্যু হয়েছে আনুপাতিক হারে অনেক বেশি।

৮ জুন লকডাউন তুলে নেওয়ায় নিউইয়র্কের লোকজন ঘর থেকে বাইরে এসেছেন। পরিচিত মৃত মানুষদের স্মৃতি তাঁদের তাড়া করেছে। কেউ খুঁজেছেন চেনা পথচারী, কেউ খুঁজছেন স্বজনদের। এই করোনাকালে হাজারো মানুষ চাকরি হারিয়েছেন। নিউইয়র্কের মানুষজন করোনায় তাঁদের ক্ষয়ক্ষতির হিসাব দীর্ঘদিন করবেন। এ হিসাব হয়তো কোনো দিন মেলানো যাবে না। নিউইয়র্ক নগরীর প্রথম ধাপে দুই লাখ থেকে চার লাখ লোক কাজে ফিরবেন। নির্মাণ ও উৎপাদনের প্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু করার চেষ্টা ছিল প্রথম দিন থেকেই।

৮ জুন নগরীর স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলেছে। নগরীর প্রায় ৮০০ স্কুল সেফটি গার্ডকে এমটিএ সার্ভিসে জনশৃঙ্খলার জন্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষের উপস্থিতি দেখা যায়নি। নতুন নির্দেশনায় নিজেদের মধ্যে ব্যবধান রেখে দাঁড়াতে বা বসতে হচ্ছে। নগরীতে নতুন ২০ মাইলের বাস লাইন চালু করা হচ্ছে। স্ট্যাটেন আইল্যান্ড ফেরি ব্যস্ত সময়ে প্রতি ২০ মিনিটে এবং অন্য সময়ে আধা ঘণ্টা পরপর চলতে শুরু করেছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো নিয়মিত সংবাদ সম্মেলনে যোগ দিতে মাস্ক পরে ট্রেনে করে ম্যানহাটনে পৌঁছান। তিনি বলেছেন, ‘শুধু আমেরিকা নয়, বিশ্বের সবচেয়ে নাজুক অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকের দিনটিতেও আমরা হাসপাতালে ভর্তি ও করোনায় মৃত্যুর সংখ্যা কমছে বলে বলতে পারছি। এ এক অবিস্মরণীয় ঘটনা।’

প্রথম ধাপে ৮ জুন নির্মাণ ও উৎপাদনের প্রতিষ্ঠান পুরোদমে চালু হয়েছে। ছবি: রয়টার্স
প্রথম ধাপে ৮ জুন নির্মাণ ও উৎপাদনের প্রতিষ্ঠান পুরোদমে চালু হয়েছে। ছবি: রয়টার্স

এদিকে মেনিয়াপোলিসে দুই সপ্তাহ আগে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকার বৈষম্যের জীবন নিয়ে লোকজনের আর্তচিৎকার সামনে চলে এসেছে। নিউইয়র্কে টানা প্রতিবাদ অব্যাহত রয়েছে। ৮ জুনেও নগরীতে নাগরিকেরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশি নির্যাতন আর সামাজিক অসাম্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া লোকজন। সবাই জানে, পরিবর্তন দ্রুত আসবে না। তবে পরিবর্তন শুরু হচ্ছে বলে মানুষ আশাবাদী হয়ে উঠতে চায়। নিউইয়র্ক নগরীতে পুলিশে সংস্কার আনা হবে।

দুই সপ্তাহ থেকে নিউইয়র্কজুড়ে বিক্ষোভ সমাবেশ ছিল জনাকীর্ণ। সমাবেশে উল্লেখযোগ্যসংখ্যক লোকজনকে মাস্ক পরতে দেখা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, আবার ব্যাপক সংক্রমণ দেখা দিতে পারে। স্বাস্থ্যসেবীরা মনে করছেন, এ জন্য আরও অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। রাজ্যের গভর্নর আগেই বলেছেন, বিক্ষোভকারী যেন ধরে নেন তিনি সংক্রমিত হয়েছেন। নগরীতে বিনা মূল্যে করোনা টেস্ট সহজলভ্য করা হয়েছে। বিক্ষোভে যোগ দেওয়া সবাইকে সংক্রমণ পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন গভর্নর কুমো।

নগরীর মেয়র জানিয়েছেন, জুলাই মাসের শুরু থেকেই পরবর্তী ধাপের সবকিছু খুলবে। এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ভাইরাস নির্মূল হয়নি। সামাজিক ব্যবধান ও সঙ্গনিরোধের শর্ত মেনেই লোকজন বেরিয়ে আসছেন। মানুষ পরিবর্তিত জীবনের জন্য যেন অভ্যস্থ হয়ে উঠেছে। ট্রেনে, বাসে মাস্ক ছাড়া লোকজন দেখা যায়নি। ৮ জুন নিউইয়র্কের চমৎকার আবহাওয়ায় লোকজনকে মাস্ক পরে বেরিয়ে পড়তে দেখা গেছে। উল্লাস, আনন্দ আর নগরীর চেনা কোলাহল থেকে বহু দূরে এ খুলে যাওয়া।

নিউইয়র্কের আদিবাসীদের মধ্যে এমনিতেই স্থানান্তর চলছিল ব্যাপকভাবে। নগরী থেকে আদি লোকজন, যাদের অধিকাংশই শ্বেতাঙ্গ, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ অভিজ্ঞতার পর এ যাত্রা আরও বেড়ে যাবে। নিউইয়র্কের জনারণ্য অনেকটাই বদলে যাবে, এমন মনে করছেন অনেকেই।