'প্রেসিডেন্ট আমরা আপনার দিকে তাকিয়ে আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। ছবি: রয়টার্স
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। ছবি: রয়টার্স

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, ‘মি. প্রেসিডেন্ট আমরা আপনার দিকে তাকিয়ে আছি। আপনার নিজের নগরী আপনার দিকে চেয়ে আছে।’ প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপেই সিনেটে নতুন সহযোগিতা বিল পাস হতে পারে বলে আশা করেন মেয়র ব্লাজিও।

ডেমোক্র্যাটরা ৩ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা প্রস্তাব পেশ করেছেন। এটি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন রিপাবলিকানরা। ১ ট্রিলিয়ন ডলার আমেরিকার বিভিন্ন রাজ্য, স্থানীয় ও উপজাতীয় সরকারগুলোর মাধ্যমে খরচের কথা বলা হয়েছে। ২০০ বিলিয়ন ডলার খরচ হবে করোনায় স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিপূর্ণ বেতন নিশ্চিত করতে। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এ প্রস্তাব ঘোষণা দিয়ে বলেন, লাখো মার্কিন গভীর দুর্ভোগে পড়েছে। তাদের সহায়তায় এ প্রস্তাব বাস্তবায়ন করা গেলে প্রতিটি মার্কিন পরিবার ১২০০ থেকে ৬ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাবে। ডেমোক্র্যাটদের এ ৩ ট্রিলিয়ন সহায়তা প্রস্তাবের আগেই অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে ৩ ট্রিলিয়ন ডলার ধার করে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যয় করছে।

এ প্রসঙ্গে মেয়র ব্লাজিও বলেছেন, ‘ফেডারেল সরকারের পক্ষ থেকে আমরা পরিস্থিতির উন্নতির জন্য শক্ত প্রতিশ্রুতি চাই।’ নতুন স্টিমুলাস প্যাকেজে ১০ বিলিয়ন ডলার রয়েছে খাদ্য সহযোগিতার জন্য। সাপ্লিমেন্ট নিউট্রিশন প্রোগ্রাম বা ফুড স্ট্যাম্পের জন্য বর্ধিত সহযোগিতা বৃদ্ধি করা হবে। ফুড স্ট্যাম্পে ১৫ শতাংশ সুবিধা বৃদ্ধি করা হবে। হাউজিং সহযোগিতার আওতায় সেকশন-৮-এর বিশেষ সহযোগিতা দেওয়া হবে। এ খাতে রাখা হয়েছে ৪ বিলিয়ন ডলার। সামনের সারির কর্মীদের নিরাপত্তা ও ক্ষতিপূরণের জন্যও আলাদা তহবিল বরাদ্দের কথা বলা হয়েছে। মেয়র ডি ব্লাজিও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটর চার্লস শুমারের প্রশংসা করেছেন।

এদিকে নিউইয়র্কে শিশুদের রহস্যজনক সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত এ সংক্রমণ নিয়ে নগরীর পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। মেয়র বিল ডি ব্লাজিও ১৩ মে জানিয়েছেন, নগরীতে এ পর্যন্ত ৮২ শিশু পেডিয়াট্রিক মাল্টি ইনফ্লামেটরি সিনড্রোম নামের উপসর্গ নিয়ে নগরীর হাসপাতালে এসেছে। রোগের সূত্র সন্ধান নিয়ে স্বাস্থ্য দপ্তর হিমশিম খাচ্ছে। নগরীতে ৮২ জনের মধ্যে ৫৩ জনের মধ্যেই করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। পাঁচ বছরের একটি শিশুর মৃত্যুও হয়েছে। এ নিয়ে অভিভাবকদের সচেতন থাকার জন্য নগরীর পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানোর কথা জানিয়েছেন মেয়র ব্লাজিও।

রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘আমরা মনে করেছিলাম শিশুরা করোনাভাইরাসের সংক্রমণের বাইরে। এখন প্রতিদিন শিশুদের মধ্যে রহস্যজনক সংক্রমণ হচ্ছে। এমন পরিস্থিতি যেকোনো অভিভাবকের কাছে নতুন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।’