'মানুষ অনেক মৃত্যুর দামে কিনে নেবে জীবন'

প্রথম আলোতে প্রকাশিত আনিসুল হকের কবিতা করোনাকালের কবিতা ‘ইশতেহার ২০২০’। এ ইশতেহার যেন আজ নাজুক বিশ্বের নাকাল হওয়া সব মানুষের আর্তি হয়ে উঠেছে। তিনি কবিতায় বলেছেন-
‘জানি, মানুষ পরাজিত হবে না।
জানি, মানুষ অনেক মৃত্যুর দামে কিনে নেবে জীবন।
আবার জন্মাবে মানুষ। আবার মানুষ মানুষের কাছে আসবে।
আবার মানুষ মানুষকে বুকে টেনে নেবে।’
নিউইয়র্কের কেন্দ্রীয় মর্গের সামনে কাজ করছেন একজন স্বদেশি এনওয়াইপিডির সদস্য। ১৮ এপ্রিল দুপুরে জানালেন লাশের গাড়ি গুনতে গুনতে ক্লান্ত, তিনি আর পারছেন না। বিশ্বের শক্তিধর দেশের সবচেয়ে চৌকস নগরীতে পেশাজীবনে এমন কিছু দেখতে হবে ভাবতেও পারেননি কোনো দিন। জানালেন, এ দেশটির সিস্টেমগুলোও যেন ঠুনকো মনে হচ্ছে এখন। আমেরিকার মতো দেশেও এমন হতে পারে ভাবতে পারেনি কেউ।
জর্জিয়া থেকে লেখক মঈনুস সুলতান বলেন, তিনি ইবোলার তাণ্ডব দেখেছেন। সামাল দেওয়ার কাজ করেছেন দূর আফ্রিকায়। তাঁর কণ্ঠেও উচ্চারিত হলো, পুঁজিবাদের ফাঁপা সিস্টেমের অসার বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি।
করোনায় নাকাল হওয়া নিউইয়র্ক নয়, অস্বাভাবিক সব ঘটনা ঘটছে সর্বত্র। নিউজার্সির পারামাস শহরে ৯২ বছর বয়সের টম মেস্ট্রোপিটো। সাবেক এ মার্কিন সেনা সদস্য অ্যাসিস্টেড হোমে থাকেন। বয়স্ক আমেরিকানদের এ এক অবধারিত ঠিকানা। জ্বর আসলে হাসপাতালে নেওয়া হয়। তিনদিন পর হাসপাতাল থেকে ফোন আসে টমের মেয়ের কাছে, তাঁর বাবার জ্বর কমে গেছে। নিজেই হেঁটে বাথরুমে যাচ্ছেন। খাওয়া-দাওয়া করছেন। এমন খবরে উৎফুল্ল টমের মেয়ে গোছগাছ করে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাবাকে দেখবেন বলে। ঠিক এমন সময় আরেকটি ফোন কল আসে। ফোনে জানানো হয়, মারাত্মক ভুল হয়ে গেছে। টম আরও তিন ঘণ্টা আগেই মারা গেছেন।
ঘটনার এখানেই শেষ নয়। মরদেহ সৎকার করার জন্য আমেরিকানদের উইল থাকে। জীবীত অবস্থায় সিংহভাগ আমেরিকান এ ব্যবস্থাটি করে আগাম অর্থ পরিশোধ করে থাকেন। ফিউনারেল হোমে খবর দেওয়া হলো। সৎকারের আবার নানা রকম আছে ধর্ম-বর্ণ ভেদে। খ্রিষ্টানদের মধ্যেও কারও কারও কবর দেয়া হয়। কেউ কেউ ক্রিমেশন( পুড়িয়ে ছাই করা) করে থাকেন পারিবারিক প্রথা অনুযায়ী। টমের উইলে ছিল, তাঁকে যেন স্ত্রীর পাশে কবর দেওয়া হয়। ফিউনারেল হোম থেকে গাড়ি গেছে, মেয়ে গেছেন মরদেহ নেওয়ার জন্য। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মুখ দেখার উপায় নেই। হাসপাতাল থেকে জানানো হয়, টমের মরদেহ অন্য ফিউনারেল হোমে চলে গেছে। এ লকডাউনের সময় সেখানে গিয়ে দেখা যায়, টমের মৃতদেহ ক্রিমেশনের প্রস্তুতি চলছে। হঠাৎ কারও নজরে আসে টমের হাতে ভুল ট্যাগ লাগানো আছে। অন্য একজনের ট্যাগ নম্বর লাগানোর কারণে ভুল ঠিকানায় চলে এসেছে। একই দিনে হাসপাতালে অনেক মৃত্যুর ঘটনায় একজনের ট্যাগ নম্বর অন্যজনের হাতে লাগিয়ে দেওয়া হয়েছে কাজের চাপে নাকাল হওয়া কোনো কর্মীর ভুলে। ২৩ মার্চের পর নিউজার্সির মাত্র দুটি নার্সিং হোমে ৮০ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। এ রাজ্যে নার্সিং হোমগুলোই বেশি আক্রান্ত হয়েছে।
ইন্ডিয়ানার হাইস্কুল বাস্কেটবল গেমের সবচেয়ে বড় ইভেন্ট হয়েছিলো ৬ মার্চ থেকে। শুরুতেই সামাজিক দূরত্বকে গুরুত্ব দেওয়া হয়নি অনেক এলাকায়। ২৮ হাজার লোক স্টেডিয়ামে খেলা দেখতে যোগ দিয়েছিলেন। পরে এক সপ্তাহের মধ্যেই অনেকের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যেই মারা গেছেন পাঁচজন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও কয়েকজন। আক্রান্ত আর মৃত্যুর খবরের মধ্যে পাল্টে যাচ্ছে বহু পরিবার। পাল্টে যাচ্ছে বহু জীবন, পাল্টে যাচ্ছে অনেক কিছুই।
সিলেটের মেয়ে নিশাত নিউইয়র্কের জ্যামাইকায় থাকতেন। নিশাতকে বিয়ে করে তরুণ এক অধ্যাপক জীবনের নোঙর নিউইয়র্কে করতে সবে এসেছেন। মাত্র ৩০ বছর বয়সের নিশাত জ্বর নিয়ে হাসপাতালে গেলে আর ফিরে আসেননি। ফিরে আসেননি নুসরাত মজুমদার নামের নারীও। এল্মহার্স্টে বসবাসরত নুসরাতের একমাত্র মেয়ে সামাহ বাবার দিকে তাকিয়ে থাকে। নির্বাক। জীবনের সব গল্প যেন থেমে গেছে। হয়তো তারাও এক সময় উচ্চারণ করবে কবিতার পঙক্তিটি ‘জানি, মানুষ অনেক মৃত্যুর দামে কিনে নেবে জীবন।’